রবিবার

৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২৬ মাঘ, ১৪৩২

উগান্ডায় বিয়ে করলেন মামদানি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৫ ১৩:৩৭

শেয়ার

উগান্ডায় বিয়ে করলেন মামদানি
ছবি: সংগৃহীত

জোহরান মামদানি বিয়ে করেছেন। নিউ ইয়র্কের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মামদানি সম্প্রতি উগান্ডায় জাঁকজমক আয়োজনের মধ্যে দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। তার বিয়ে উপলক্ষে তিনদিনের উৎসবের আয়োজন করা হয়।

কাম্পালার উপশহর বুজিগা হিলে মামদানি পরিবারের বিশাল প্রাসাদে অনুষ্ঠিত এই উৎসবে ছিল সশস্ত্র প্রহরী, ফোন জ্যামার এবং একাধিক নিরাপত্তা ফটকসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

তার বাবা শিক্ষাবিদ মাহমুদ মামদানি। মা মীরা নায়ার এক জন চলচ্চিত্র পরিচালক। নিজে নিউ ইয়র্কের আসন্ন মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হয়েছেন। আর সদ্য তার স্ত্রী হলেন চিত্রশিল্পী রামা দুয়াজি।

তিনদিনব্যাপী জমকালো সেই অনুষ্ঠানের ভেতরের ছবি প্রকাশ্যে এনেছে সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট। তাদের একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, উগান্ডার রাজধানী কাম্পালার উপকণ্ঠের এক অভিজাত এলাকা বুজিগা হিলে মামদানিদের প্রাসাদোপম পারিবারিক বাড়ি। সেখানেই অনুষ্ঠিত হয়েছে মামদানি ও রামার বিয়ের রীতিরেওয়াজ। গোটা সময় চত্বর জুড়ে ছিল কড়া প্রহরা। চারদিকে ছিলেন সশস্ত্র নিরাপত্তারক্ষীরা। অনুষ্ঠান সংক্রান্ত কোনো তথ্য যাতে বাইরে না যায়, সে জন্য মোবাইল ফোনের ব্যবহার হ্রাস টানতে জ্যামারও বসানো হয়েছিল।

৩৩ বছর বয়সি মামদানি ও ২৭ বছর বয়সি রামা দুবাইয়ে আংটিবদল সেরে ফেলেছিলেন গত ডিসেম্বরেই। চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কে আইনি বিয়ে সারেন তারা। এ বার উগান্ডায় তাদের বিয়ের অনুষ্ঠানও সম্পন্ন হলো।

নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, মামদানি এস্টেট এক উৎসবস্থলে রূপান্তরিত করা হয়েছিল। বাগানের গাছে ঝুলানো হয়েছিল রঙিন আলো, উচ্চস্বরে বাজছিল গান। মঙ্গলবার এস্টেট অভিমুখে বিলাসবহুল বাস ও মার্সিডিজ, রেঞ্জ রোভারসহ দামি গাড়ির আনাগোনা লক্ষ্য করা যায়।

এক প্রত্যক্ষদর্শীর কথায়, গোটা সপ্তাহ জুড়েই মামদানিদের পারিবারিক বাড়ির বাইরে ২০ জনেরও বেশি সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছিল। প্রত্যেকের মুখে ছিল মুখোশ। অনুষ্ঠানে ঢোকার অনুমতি ছিল কেবলমাত্র আমন্ত্রিতদেরই। সেদিন রাতে মামদানি নিজেও অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং পার্টি শেষ হয় মধ্যরাতের পর।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মামদানি পরিবারের এই এস্টেটের আশপাশের বাড়িগুলোর দাম ১০ লাখ মার্কিন ডলারেরও বেশি। মামদানির মা-বাবা বেশ ধনী। তারা উগান্ডার এই বাড়িতে থাকেন। তবে তারা নিউ ইয়র্ক ও নয়াদিল্লিতেও সময় কাটান।

তিনি তার স্ত্রী দুয়াজির সঙ্গে পরিচিত হন ‘হিঞ্জ’ নামক একটি ডেটিং অ্যাপে। বর্তমানে তারা নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়ায় একটি ভাড়া-কন্ট্রোলড অ্যাপার্টমেন্টে বসবাস করছেন।

মামদানি ১৯৯৮ সালে মাত্র সাত বছর বয়সে মা-বাবার সঙ্গে আমেরিকা চলে যান। ২০১৮ সালে অ্যামেরিকার নাগরিকত্ব পান। এ বার আসন্ন মেয়র নির্বাচনে নিউ ইয়র্কের ডেমোক্র্যাট প্রার্থী হয়েছেন তিনি। মামদানির কাছে বৈধ নাগরিকত্ব থাকা সত্ত্বেও মাত্র সাত বছরের নাগরিকত্ব নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাকে। তার বার বার প্যালেস্টাইনের অধিকার নিয়ে সরব হওয়া নিয়েও আক্রমণ শানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ রিপাবলিকানরা।



banner close
banner close