শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

পাকিস্তানে সাংবাদিক সুরক্ষা বিল পাস, হামলা ও জোরাজুরিতে কঠোর সাজা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫ ১৪:১৬

শেয়ার

পাকিস্তানে সাংবাদিক সুরক্ষা বিল পাস, হামলা ও জোরাজুরিতে কঠোর সাজা
ছবি সংগৃহীত

পাকিস্তানের সিনেটে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল পাস হয়েছে। সিনেটর সেলিম মান্দভিওয়ালার উত্থাপিত এই বিল অনুসারে, সাংবাদিকদের ওপর হামলা বা তথ্যসূত্র প্রকাশে জোরাজুরির ঘটনায় কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

নতুন আইন অনুযায়ী, দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিকের ওপর সহিংসতা চালানো হলে সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড ও ৩ লাখ রুপি জরিমানা করা যাবে। একইভাবে, তথ্যসূত্র প্রকাশে জোর করলে সর্বোচ্চ ৩ বছর কারাদণ্ড এবং ১ লাখ রুপি জরিমানার বিধান রাখা হয়েছে।

বিলটিতে একটি ‘সাংবাদিক সুরক্ষা কমিশন’ গঠনের কথাও বলা হয়েছে। হাইকোর্টের বিচারক অথবা মানবাধিকার ও গণমাধ্যম সংশ্লিষ্ট ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন কেউ এই কমিশনের নেতৃত্ব দেবেন। কমিশনের মেয়াদ হবে তিন বছর, আর সদস্য ও চেয়ারপারসন নিয়োগ করবে কেন্দ্রীয় সরকার।

এই কমিশনের দায়িত্ব হবে সাংবাদিক, তাদের পরিবার ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা। আইনশৃঙ্খলা বাহিনীকে কমিশনের নির্দেশে মামলা রেকর্ড করতে হবে, এবং তদন্তকারীরা ফৌজদারি মামলার মতোই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। অভিযোগকারীর পরিচয় গোপন রাখার ব্যবস্থাও রাখা হয়েছে। তবে, গোয়েন্দা সংস্থাগুলোর বিরুদ্ধে অভিযোগ এলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে, কমিশন সরাসরি তদন্ত করতে পারবে না।

কমিশনের অধীনে ইসলামাবাদ ও অন্যান্য প্রদেশে বিশেষ সেশন আদালত গঠন করা হবে, যাতে দ্রুত বিচার নিশ্চিত করা যায়। কমিশনের সদস্য ও কর্মীরা সরকারি হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ স্বাধীন থাকবেন।

অন্যদিকে, সিনেটর মাসরুর আহসান সামাজিক যোগাযোগমাধ্যমে ন্যূনতম বয়সসীমা নির্ধারণ করে আরেকটি বিল উত্থাপন করেছেন। এতে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব রাখা হয়েছে।

এই আইন ভাঙলে ৫০ হাজার রুপি থেকে শুরু করে ৫ কোটি রুপি পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। যদি কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি নাবালককে অ্যাকাউন্ট খুলতে সহায়তা করেন, তাহলে ৬ মাসের কারাদণ্ড ও আর্থিক জরিমানা হবে।

এ লক্ষ্যে পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটিকে (পিটিএ) দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে তারা নাবালকদের অ্যাকাউন্ট বন্ধ এবং নতুন করে খোলার ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নেয়।

দুটি বিলই পাকিস্তানে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও অনলাইন ঝুঁকি থেকে কিশোরদের রক্ষা করতে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে

সূত্র: জিও নিউজ