শনিবার

২৭ জুন, ২০২৬ ১৩ আষাঢ়, ১৪৩৩

উত্তর ইরাকে গুহায় মিথেন গ্যাসে ৮ তুর্কি সেনার মৃত্যু, পিকেকে নিরস্ত্রীকরণে অগ্রগতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৫ ১৪:২২

শেয়ার

উত্তর ইরাকে গুহায় মিথেন গ্যাসে ৮ তুর্কি সেনার মৃত্যু, পিকেকে নিরস্ত্রীকরণে অগ্রগতি
ছবি সংগৃহীত

উত্তর ইরাকের একটি গুহায় অভিযান চালাতে গিয়ে মিথেন গ্যাসের সংস্পর্শে এসে আটজন তুর্কি সেনা প্রাণ হারিয়েছেন। গুরুতর অসুস্থ অবস্থায় আরও ১১ জন সেনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৭ জুলাই) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বলা হয়, সেনারা নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-এর বিরুদ্ধে সামরিক অভিযানের অংশ হিসেবে নিহত এক তুর্কি সেনার দেহাবশেষ উদ্ধারে অভিযান চালাচ্ছিলেন। এ সময় গুহায় জমে থাকা মিথেন গ্যাসের সংস্পর্শে এলে দুর্ঘটনাটি ঘটে।

এদিকে পিকেকে নিরস্ত্রীকরণ প্রক্রিয়া ও শান্তি উদ্যোগে নতুন মাত্রা যোগ হয়েছে। তুরস্কের প্রো-কুর্দিশ ডেমোক্রেটিক ইকুয়ালিটি পার্টি (ডিইএম) সোমবার প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠকে বসতে যাচ্ছে। বৈঠকে পিকেকে-র নিরস্ত্রীকরণ ও শান্তি প্রক্রিয়ার সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

এর আগে রবিবার ডিইএম পার্টির নেতারা কারাগারে বন্দি পিকেকে নেতা আবদুল্লাহ ওজালানের সঙ্গে সাক্ষাৎ করেন। দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘ওজালান এই সাক্ষাৎকে ঐতিহাসিক বলেছেন এবং রাষ্ট্রপতির সঙ্গে সম্ভাব্য আলোচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেছেন।’

উল্লেখ্য, স্বাধীন কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮৪ সালে পিকেকে তাদের সশস্ত্র বিদ্রোহ শুরু করে। চার দশকের এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার মানুষ নিহত হয়েছেন। চলতি বছরের মে মাসে সংগঠনটি সশস্ত্র সংগ্রাম বন্ধের ঘোষণা দেয় এবং অস্ত্র জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

সূত্র: রয়টার্স



banner close
banner close