শনিবার

২৭ জুন, ২০২৬ ১৩ আষাঢ়, ১৪৩৩

ইয়েমেনে ইসরাইলের হামলা: তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে লক্ষ্যবস্তু ধ্বংস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৫ ০৯:৪৪

শেয়ার

ইয়েমেনে ইসরাইলের হামলা: তিন বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে লক্ষ্যবস্তু ধ্বংস
ছবি সংগৃহীত

ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে ইসরাইলি হামলার খবর দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সোমবার (৭ জুলাই) ভোরে চালানো এই হামলার লক্ষ্য ছিল হুথি বিদ্রোহীদের স্থাপনাগুলো। যদিও এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রায় এক মাস পর ইয়েমেনে আবারও অভিযান চালালো ইসরাইল। আইডিএফ জানায়, হোসেইন, রাস ইসা ও সালিফ বন্দরে এবং রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রে এই হামলা চালানো হয়েছে। তাদের দাবি, হুথিরা ইসরাইলের বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালিয়ে আসছিল।

হুথিদের একজন মুখপাত্র বলেন, স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে তারা ইসরাইলি বিমান প্রতিহত করেছে। রয়টার্সকে স্থানীয় বাসিন্দারা জানান, লোহিত সাগরের উপকূলীয় শহর হোদেইদাহয় হামলার পর প্রধান বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে গেছে, যার ফলে পুরো শহর অন্ধকারে ডুবে গেছে।

হুথি-নিয়ন্ত্রিত আল-মাসিরা টিভির খবরে বলা হয়, হোদেইদাহয় একের পর এক ইসরাইলি হামলা হয়েছে। এর আগে আইডিএফ ইয়েমেনের তিনটি বন্দর থেকে লোকজনকে সরে যাওয়ার জন্য সতর্কবার্তা দেয়।

এছাড়া ইসরাইলি সেনাবাহিনী আরও জানায়, হুথিদের দখলে থাকা ‘গ্যালাক্সি লিডার’ নামের একটি জাহাজেও হামলা চালানো হয়েছে। ২০২৩ সালের শেষ দিকে এটি দখল করেছিল হুথিরা।

উল্লেখ্য, গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ ও ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে হুথি গোষ্ঠী। তাদের দাবি, এসব হামলা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ।



banner close
banner close