শনিবার

২৭ জুন, ২০২৬ ১৩ আষাঢ়, ১৪৩৩

নেতানিয়াহুর সিদ্ধান্তে ক্ষুব্ধ ইসরায়েলি অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৫ ০৯:২২

শেয়ার

নেতানিয়াহুর সিদ্ধান্তে ক্ষুব্ধ ইসরায়েলি অর্থমন্ত্রী
ছবি সংগৃহীত

গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচ। তিনি এ সিদ্ধান্তকে ‘বড় ভুল’ বলে মন্তব্য করে দাবি করেছেন, এতে হামাসই সবচেয়ে বেশি লাভবান হবে। রোববার (৭ জুলাই) এক্সে দেওয়া পোস্টে তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্মতরিচ বলেন, "এই ধরনের ত্রাণ সহায়তা যুদ্ধকালীন সময়ে শত্রুর জন্য লজিস্টিক সহায়তা হিসেবে কাজ করে।" প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমালোচনা করে তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে সরকারের নির্দেশ অনুযায়ী পরিচালিত করতে ব্যর্থ হচ্ছেন।"

তবে সরাসরি সরকার ছাড়ার হুমকি দেননি স্মতরিচ। তিনি জানিয়েছেন, প্রেসিডেন্টের পরবর্তী পদক্ষেপ বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেবেন। ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত পুনরায় নেওয়া হলে, তখন তিনি জোট ছাড়ার বিষয়টি বিবেচনা করবেন বলেও ইঙ্গিত দিয়েছেন।

এ মন্তব্য এমন সময় এসেছে, যখন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন। সোমবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে এ সংক্রান্ত আলোচনার কথা রয়েছে।

ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে গাজায় ত্রাণ নীতিতে পরিবর্তনের ঘোষণা না দিলেও দেশটির গণমাধ্যমে খবর এসেছে, উত্তর গাজায় কিছু সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর দপ্তর কিংবা সেনাবাহিনী কেউই আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

ইসরায়েল বহুবার অভিযোগ করেছে, হামাস এই ত্রাণ সহায়তা ছিনিয়ে নিয়ে নিজেদের যোদ্ধাদের জন্য ব্যবহার করছে কিংবা বিক্রি করে অর্থ সংগ্রহ করছে। যদিও হামাস এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

জাতিসংঘ জানিয়েছে, গাজায় চলমান সংকটের কারণে আগামী কয়েক মাসে প্রায় পাঁচ লাখ মানুষ দুর্ভিক্ষে পড়তে পারে। যদিও মে মাসে ইসরায়েল তিন মাসের জন্য অবরোধ শিথিল করেছিল, কিন্তু ২৭ জুন আবার ত্রাণ প্রবেশ বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন দুই ইসরায়েলি কর্মকর্তা।

এদিকে, স্থায়ী যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ক সমাধান খুঁজতে নেতানিয়াহুর ওপর ইসরায়েলি জনগণের চাপ বাড়ছে। অন্যদিকে কট্টর ডানপন্থী নেতারা যুদ্ধ বন্ধে ক্ষুব্ধ। তারা চান গাজায় অভিযান অব্যাহত থাকুক। স্মতরিচ এবার সরাসরি যুদ্ধবিরোধী অবস্থানের বিরোধিতা না করলেও, জানুয়ারিতে হুমকি দিয়েছিলেন যুদ্ধ থামালে তার দল জোট থেকে বেরিয়ে যাবে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। সেই ঘটনার পর থেকে ইসরায়েল গাজায় লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া লাখ লাখ মানুষ ঘরহারা হয়েছেন, এবং গাজা বর্তমানে চরম মানবিক বিপর্যয়ের মুখে।



banner close
banner close