আশুরার পর নতুন কৌশলে মাঠে নামছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলের প্রতিষ্ঠাতা ও কারাবন্দি নেতা ইমরান খান দেশব্যাপী আন্দোলনের নির্দেশনা দিয়েছেন।
শুক্রবার (৪ জুলাই) জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়, রাওয়ালপিন্ডির একটি সন্ত্রাসবিরোধী আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরানের বোন আলিমা খান জানান-ইমরান খান আশুরার পর সরকারবিরোধী আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন।
আলিমা বলেন, “ইমরান খান বলেছেন, যদি ২৭তম সংশোধনী পাস হয়, তবে রাজতন্ত্র চালুই উত্তম। জনগণকে দাসত্ব নয়, স্বাধীনতার জন্য রাস্তায় নামতে বলেছেন তিনি।”
তিনি আরও অভিযোগ করেন, কারাগারে ইমরান খান প্রতিদিন ২২ ঘণ্টা সেলে বন্দি থাকেন, মাত্র ২ ঘণ্টার জন্য বের হওয়ার সুযোগ পান। সন্তানদের সঙ্গে দীর্ঘ ছয় মাসেও তার যোগাযোগ হয়নি। এমনকি দলীয় নেতাদের সঙ্গেও সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে না। এটি অমানবিক ও অসাংবিধানিক বলেও মন্তব্য করেন তিনি।
আন্দোলনের প্রস্তুতি প্রসঙ্গে পিটিআই মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম বলেন, ইরান-ইসরায়েল যুদ্ধ এবং মহররম উপলক্ষে কর্মসূচি সাময়িক স্থগিত ছিল। এখন আন্দোলনের সব প্রস্তুতি সম্পন্ন। প্রথম ধাপে জেলা ও প্রাদেশিক পর্যায়ে শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
এদিকে, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে-পিটিআই শান্তিপূর্ণ প্রতিবাদের সাংবিধানিক অধিকার রাখে, তবে কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কারাবন্দি ইমরান খানের নেতৃত্বে এই নতুন আন্দোলন পাকিস্তানের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়াতে পারে।
আরও পড়ুন:








