সোমবার

৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২৭ মাঘ, ১৪৩২

গাজায় গণহত্যায় অর্থযোগানদাতা ৪৮ কোম্পানি, তালিকায় মাইক্রোসফট-গুগল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৫ ০৭:৪৫

শেয়ার

গাজায় গণহত্যায় অর্থযোগানদাতা ৪৮ কোম্পানি, তালিকায় মাইক্রোসফট-গুগল
ছবি সংগৃহীত

গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের চলমান গণহত্যা ও দখলদারতামূলক কার্যক্রমে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত রয়েছে বিশ্বের প্রভাবশালী ৪৮টি কোম্পানি। এ তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট, গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট ইনকরপোরেটেড, অ্যামাজনসহ বিভিন্ন অস্ত্র ও প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান।

এ তথ্য উঠে এসেছে অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেসকা আলবানিজের এক বিস্তৃত অনুসন্ধান প্রতিবেদনে, যা বৃহস্পতিবার (৩ জুলাই) জেনেভায় আনুষ্ঠানিকভাবে প্রকাশের কথা রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব কোম্পানি ইসরায়েলের দখলদারতাকে শুধু সহায়তা করছে না, বরং তারা ‘গণহত্যার অর্থনৈতিক কাঠামোর’ অংশে পরিণত হয়েছে। এই দূত আরও বলেন, “ইসরায়েল অধিকৃত অঞ্চল এখন অস্ত্র প্রস্তুতকারক ও বড় প্রযুক্তি কোম্পানিগুলোর পরীক্ষাগারে পরিণত হয়েছে। এখানে রয়েছে চাহিদা ও জোগানের অবাধ সুযোগ, কিন্তু নেই যথাযথ নজরদারি ও জবাবদিহিতা।”

আলবানিজের নেতৃত্বে পরিচালিত তদন্তে এক হাজারেরও বেশি করপোরেট প্রতিষ্ঠানের ডেটাবেজ বিশ্লেষণ করা হয়। এর মধ্যে চিহ্নিত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে যে, তারা ইসরায়েলের সামরিক কার্যক্রমে সরবরাহ, প্রযুক্তি ও লগিস্টিক সহায়তা দিয়ে যাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামলা শুরুর পর ইসরায়েলের সঙ্গে এ কোম্পানিগুলোর সম্পৃক্ততা আরও গভীরতর হয়েছে। বিশেষভাবে উল্লেখ করা হয়, ইসরায়েলের এফ-৩৫ যুদ্ধবিমান সংগ্রহ কর্মসূচিতে লকহিড মার্টিনের নেতৃত্ব এবং সেই প্রজেক্টে যুক্ত অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের ভূমিকা।

গণহত্যা থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে প্রতিবেদনে বলা হয়, সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে অবিলম্বে ইসরায়েলের অবৈধ দখলদারতামূলক কর্মকাণ্ডে বিনিয়োগ ও সম্পৃক্ততা প্রত্যাহার করতে হবে।

বিশেষ দূত আলবানিজ এর আগে এক মতামতে বলেছিলেন, গাজায় ইসরায়েলি কর্মকাণ্ড গণহত্যার সংজ্ঞা পূরণে যথেষ্ট ভিত্তি তৈরি করেছে। এবারের প্রতিবেদনে তার সেই পর্যবেক্ষণ আরও শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়েছে।



banner close
banner close