ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরের হেবরনে একটি কিন্ডারগার্টেনে অভিযান চালিয়ে ৭০ জনেরও বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে। বুধবার (২ জুলাই) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
প্রতিবেদনে বলা হয়, হেবরনের শুহাদা স্ট্রিট এলাকায় অবস্থিত একটি কিন্ডারগার্টেনে গ্রীষ্মকালীন একটি আয়োজনে অংশ নেওয়া শিশুদের ওপর হামলা চালায় দখলদার বাহিনী। ওই সময় তারা শিশুদের সঙ্গে থাকা শিক্ষাকর্মীদেরও আটক করে এবং তাদের মোবাইল ফোন ভেঙে দেয়। এ ঘটনায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে, পশ্চিম তীরের সালফিত জেলার কারাওয়াত বানি হাসান শহরে আলাদা এক অভিযানে ইসরায়েলি বাহিনী বাড়িঘরে হামলা ও লুটপাট চালায়।
অধিকৃত গাজা উপত্যকায় বুধবার সকাল থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে। এছাড়া তথাকথিত নেটজারিম করিডোরের কাছে ত্রাণের অপেক্ষায় থাকা আরও ১০ জন প্রাণ হারান।
পুনরাবৃত্ত এসব হামলা নিয়ে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। তারা ঘটনাগুলোকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করছে।
আরও পড়ুন:








