সোমবার

৯ ফেব্রুয়ারি, ২০২৬ ২৭ মাঘ, ১৪৩২

জাপানের সঙ্গে চুক্তি নিয়ে সন্দেহ ট্রাম্পের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ জুলাই, ২০২৫ ০৮:৫২

শেয়ার

জাপানের সঙ্গে চুক্তি নিয়ে সন্দেহ ট্রাম্পের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের নতুন কোনো বাণিজ্য চুক্তি হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চুক্তিটি আদৌ হবে কিনা, তা তিনি নিশ্চিত নন।

এমনকি জাপানকে খুব একগুঁয়ে বলেও আখ্যায়িত করেছেন তিনি। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

মঙ্গলবার ফ্লোরিডা সফর শেষে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, ‘আমরা জাপানের সঙ্গে আলোচনা করেছি। কিন্তু আমি নিশ্চিত না, আমরা কোনো চুক্তিতে পৌছাতে পারবো কিনা। আমার মনে হয় না সেটা হবে। জাপান খুব একগুঁয়ে।’

ট্রাম্প অভিযোগ করেন, যদিও জাপান চাল খুব প্রয়োজনীয়ভাবে চায়, তারপরও তারা যুক্তরাষ্ট্রের চাল কিংবা অন্য কিছু পণ্য নিতে চায় না।

এদিকে বাণিজ্য চুক্তির জন্য সময় বাড়ানোর ইচ্ছা নেই ট্রাম্পের। আগামী ৯ জুলাই চূড়ান্ত সময়সীমা হিসেবে নির্ধারিত। এই সময়ের মধ্যে বিভিন্ন দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে হবে। এ সময়সীমা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ট্রাম্প।

তিনি বলেন, ‘না, সময় বাড়ানোর কথা আমি ভাবছি না। বরং আমি অনেক দেশের কাছে চিঠি লিখতে বসবো।’

আলোচনার একপর্যায়ে ট্রাম্প মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের প্রধান জেরোম পাওয়েলকে আবারো কটাক্ষ করেন। তিনি বলেন, ‘যদি আমাদের সুদের হার তিন পয়েন্ট কম হতো, তাহলে আমাদের প্রায় এক ট্রিলিয়ন ডলার খরচ কম হতো।’

ট্রাম্প দীর্ঘদিন ধরেই চাচ্ছেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার কমাক। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকগুলোর হার কমানোর উদাহরণ টেনে তিনি সতর্ক করে বলেন, ‘যদি ফেডারেল রিজার্ভ দ্রুত সিদ্ধান্ত না নেয়, তবে মার্কিন অর্থনীতি থমকে যেতে পারে।’



banner close
banner close