ভারতের তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার পাশমাইলরামে অবস্থিত সিগাচি ইন্ডাস্ট্রিজের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ৩৬ জন শ্রমিক। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। এখনও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।
জেলা পুলিশ সুপার পরিতোষ পঙ্কজ ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, “ধ্বংসস্তূপের নিচ থেকে এ পর্যন্ত ৩২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও চারজন।” বিস্ফোরণের কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় সময় সোমবার সকাল ৯টার দিকে কারখানাটিতে বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর শুরু হয় ধ্বংসস্তূপ সরানোর কাজ। বিস্ফোরণের তীব্রতায় কারখানার শেড সম্পূর্ণ উড়ে যায়। শ্রমিকদের অনেকেই ১০০ মিটার দূরেও ছিটকে পড়েন। বিস্ফোরণে পার্শ্ববর্তী একটি বাড়ি ধসে পড়ে এবং আরও একটি বাড়িতে ফাটল দেখা দেয়।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সি দামোদর জানান, মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি ঘটনাস্থল পরিদর্শনে যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানায় রাসায়নিক পদার্থ ব্যবহারে নিরাপত্তাবিধি লঙ্ঘনের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
তথ্যসূত্র: পিটিআই, এনডিটি ভি, দ্য হিন্দু।
আরও পড়ুন:








