শুক্রবার

২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০ আশ্বিন, ১৪৩৩

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ১৫১ জনে পৌছেছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ মে, ২০২৫ ২১:২৪

শেয়ার

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় প্রাণহানি বেড়ে ১৫১ জনে পৌছেছে
ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার মধ্য ও উত্তরাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১৫১ জনে পৌছেছে। আকস্মিক এই বন্যায় আরও হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। শনিবার দেশটির জরুরি সেবা সংস্থার একজন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

দেশটির নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার তথ্য পরিচালক ইব্রাহিম আওদু হুসেইনি শনিবার বন্যায় প্রাণহানির নতুন এই সংখ্যা জানিয়েছেন। এর আগে শুক্রবার বন্যায় দেশটিতে ১১৭ নিহত হয়েছেন বলে জানানো হয়েছিল।

ইব্রাহিম আদু হুসেইনি বলেছেন, ‘বন্যায় ৫০০টিরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বুধবার রাতে নাইজার রাজ্যের মধ্যাঞ্চলীয় শহর মোকেওয়াতে আকস্মিক বন্যা দেখা দেয়। কয়েক দিন পরও উদ্ধারকারীরা মরদেহের সন্ধানে কাদা এবং ধ্বংসাবশেষের মাঝে তল্লাশি অভিযান পরিচালনা করছেন।’

মৃত্যুর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করে ইব্রাহিম আওদু হুসেইনি এএফপিকে বলেন, ‘শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে ২৫০টিরও বেশি ভবন ধ্বংস হয়েছে এবং দুটি সেতু ভেঙে গেছে।’

সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘শক্তিশালী নাইজার নদীর স্রোতে মরদেহ ভেসে যাওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।’

রেড ক্রসের নাইজার রাজ্য শাখার প্রধান গিডিয়ন আদামু বলেন, ‘উদ্ধারকারী দলগুলো বন্যা কবলিত এলাকার বিপরীত দিকে অবস্থিত জেব্বার দিকে এগিয়ে যাচ্ছে।’

তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত ১২১ জনকে আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও শতাধিক মানুষ।’