বৃহস্পতিবার

২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৮ আশ্বিন, ১৪৩৩

গাজায় ৩ দিনে ঢুকেছে ২ হাজার ৪ শতাধিক ত্রাণবাহী ট্রাক: জাতিসংঘ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৫ ০৯:০৭

শেয়ার

গাজায় ৩ দিনে ঢুকেছে ২ হাজার ৪ শতাধিক ত্রাণবাহী ট্রাক: জাতিসংঘ
ছবি: সংগৃহীত

বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতির পর গত ৩ দিনে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবেশ করেছে ২ হাজার ৪ শতাধিক ত্রাণবাহী ট্রাক। এর মধ্যে ৮৯৭টি ট্রাক ঢুকেছে মঙ্গলবার।

এর আগে সোমবার ৬৩০টি এবং বিরতির প্রথম দিন রোববার ৯১৫টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছিল গাজায়। গাজা এবং পশ্চিমতীরে জাতিসংঘের সহায়তা প্রকল্পের শীর্ষ কর্মকর্তা মুহান্নাদ হাদি রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি জানান, ‘প্রবেশকৃত ট্রাকগুলোর মধ্যে ৫০টি ছিল জ্বালানিবাহী । বাকিগুলোতে ছিল ময়দা, শাকসবজি, মাংস, ওষুধ, চিকিৎসা উপকরণ, তাবু প্রভৃতি উপকরণ।’

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাস যোদ্ধাদের নজিরবিহীন হামলার পর গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ১৫ মাস ধরে চলা সেই ভয়াবহ অভিযানে গাজায় নিয়মিত ত্রাণ প্রবেশ করতে দেয়নি আইডিএফ।

৩৬৫ বর্গকিলোমিটার আয়তনের গাজা উপত্যকায় বসবাস করেন প্রায় ২২ লাখ ফিলিস্তিনি। উপত্যকায় বেকারত্ব প্রকট এবং বসবাসরত ফিলিস্তিনিদের এক তৃতীয়াংশই জাতিসংঘ ও অন্যান্য দাতা দেশ ও সংস্থার পাঠানো খাদ্য ও অর্থ সহায়তার ওপর সরাসরি নির্ভরশীল।

সামরিক অভিযানের সময় আইডিএফ গাজায় ত্রাণের প্রবেশ সংকুচিত করায় মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েন গাজার বাসিন্দারা। গত ১৫ মাসে গাজায় যে প্রায় অর্ধলক্ষ মানুষ নিহত হয়েছেন, তাদের একাংশের প্রাণহানির কারণ খাদ্য, ওষুধ ও চিকিৎসা সামগ্রীর অভাব।

যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী, বর্তমানে বিরতির প্রথম পর্যায় চলছে, যা স্থায়ী হবে আগামী অন্তত ৬ সপ্তাহ বা ৪২ দিন। এই ৬ সপ্তাহের প্রতিদিন গাজায় কমপক্ষে ৬টি করে ত্রাণবাহী ট্রাক প্রবেশ করবে বলে উল্লেখ করা হয়েছে চুক্তিতে।