বৃহস্পতিবার

১৯ নভেম্বর, ২০২৬ ৪ অগ্রহায়ণ, ১৪৩৩

আপা তো আইবো না আমার কী হইবো?

মেশকাত সাদিক

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬ ০৯:০৮

আপডেট: ১৮ নভেম্বর, ২০২৬ ০৯:৫৯

শেয়ার

আপা তো আইবো না আমার কী হইবো?
ছবি: সংগৃহীত

ইংরেজি একটা কৌতুক দিয়েই লেখাটা শুরু করি

The Long-Distance Mastermind

"My girlfriend lives in another country, yet she still manages to get me into trouble. Yesterday she convinced me to 'steal' a street sign just to prove my love. I’m pretty sure I’m not dating a woman—I’m being remotely operated by a supervillain."

নিজের অপরাধের গভীরতা ও ভয়াবহতা কল্পনা করে দুঃশাসক যখন পালিয়ে যায়, তখন আর যাই হোক সে ফিরে আসে না। কিন্তু এই ধরনের অপরাধী বসে থাকে না। কারণ কোন সুস্থ স্বাভাবিক মানুষ কখনো ফ্যাসিস্ট বা গণবিরোধী শাসক হয়ে ওঠে না। হয় ক্ষমতায় থাকার সময় পাগল হয় অথবা পাগলকে না বুঝে মানুষ ভোট দিয়ে ক্ষমতায় পাঠায়। এ ঘটনাটি এখন সারা বিশ্বেই বেশ ঘটছে। কারণ পৃথিবীর সর্বত্রই পাগলাটে শাসকের সংখ্যাই বাড়ছে। সেই পাগলামি আবার দুঃশাসক হয়ে ওঠার পাগলামি। ধর্ম জাতীয়তাবাদকে কাজে লাগিয়ে পৃথিবীর নিরীহ জনপদকে নিশ্চিহ্ন করার পাগলামি।

২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত এই ১৬ বছর দুঃশাসনের গুরুদেব পলাতক শেখ হাসিনা বাংলাদেশ নামক রাষ্ট্রটির বহুবিধ ক্ষতি করেছেন। দেশের অর্থনৈতিক, নৈতিক, শিক্ষা, স্বাস্থ্য প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী, সবকিছুকেই তিনি দলীয়করণ করে শেষ করে দিয়েছেন। সর্বশেষ হানাদার বাহিনীর মতো তিনি বাংলাদেশের ছাত্র জনতার উপর গুলি চালিয়েছেন। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী প্রায় দুই হাজার মানুষকে হত্যার সাথে তিনি জড়িত। যে রাষ্ট্রটির কথায় তিনি বাংলাদেশকে শেষ করতে চেয়েছেন, সেই দেশেই তিনি এখন আশ্রিতা।

তার মাথার উপর শতাধিক মামলা। ইতোমধ্যেই হত্যা মামলায় তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত। বাস্তবতা হলো দেশে ফিরলেই বর্তমান সরকারের উপরে প্রবল জনচাপ সৃষ্টি হবে তাকে ফাঁসি দেওয়ার জন্য। কারণ তার ও তার প্রভু দেশের পরামর্শে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে ইতঃপূর্বে অনেক রাজনৈতিক নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে।

সেই একই ট্রাইবুনাল তাকে ফাঁসির রায় দিয়েছে।

সুতরাং, এই বিচারের বিরুদ্ধে তার তেমন কিছু বলার নেই। কারণ তিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ আদালত হিসেবে বারবার বলতেন। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী দু একটি জেলাতে হয়তো কিছু আরাজকতা সৃষ্টি করতে পারলেও সারাদেশে কোথাও দৃশ্যমান কিছু করতে আ. লীগ পারবে না। কারণ নেতৃত্ব দানের মতো তেমন কেউ নাই। ধীরে ধীরে দলটি নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী বাহিনীতে পরিণত হচ্ছে। এ দিয়ে সর্বোচ্চ ২/১ দিন মাঠ গরম করা যাবে কিন্তু সুদূরপ্রসারী কোন রাজনৈতিক ফলাফল বয়ে আনবে না।

তিনি বাংলাদেশে ফিরবেন ও না। এখন যে ধরনের নাশকতা চলছে এটির মূল কারণ হচ্ছে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে না পারার ব্যর্থতা। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এলেই দুষ্কৃতকারীরা নিশ্চুপ হয়ে বসে যাবে। এখন যারা তিনি আসবেন বলে জীবনের ঝুঁকি নিচ্ছেন, অথবা অল্প কিছু টাকার বিনিময়ে সাধারণ মানুষের জীবনকে হুমকির মুখে ফেলছেন বা কাউকে হত্যা করছেন বা অগ্নিসংযোগ করছেন, তারা অতিদ্রুতই বিচারের সম্মুখীন হবে। তাদেরও তাদের নেতাদের মতো পলাতক জীবন বেছে নিতে হবে।

কি হবে এসব করে? আপা তো আইবো না।

পদার্থবিদ স্টিফেন হকিং তার একটা গ্রন্থে বলেছিলেন, কৃষ্ণগহ্বর কিছুই সংরক্ষণ করে না। সব খেয়ে ফেলে।

এই তথ্যের উপর অনেকেই গবেষণা করে বড় বড় পুরস্কার নিয়েছে। পিএইচডি ডিগ্রি বাগিয়েছে। পরবর্তীতে স্টিফেন হকিং তার অন্য একটি গ্রন্থে বলেন, কৃষ্ণ গহ্বর সবকিছুই সংরক্ষণ করে রাখে। কিছুই নিঃশেষ করে না। এখন প্রশ্ন হলো , স্টিফেন হকিং তো সরি বলে ভুল শুধরে নিলেন ।কিন্তু তার ভুল তথ্যের উপর গবেষণা করে যারা বিভিন্ন পুরস্কার পেল, পিএইচডি ডিগ্রী পেল, তাদের পুরস্কার ও ডিগ্রির কী হবে? দূর থেকে দন্ডপ্রাপ্ত পলাতক নেত্রী তার সন্ত্রাসী বাহিনীকে মাঠে যে নামতে বলছেন, কিছুদিন পরে তো উনিই চুপ হয়ে যাবেন। উনি না হয় সরি বলে পার পাইলেন। কিন্তু উনার কথায় যারা অপকর্ম করছেন তাদের অবস্থা কী হবে?

বারবার তাই আজ মনে হচ্ছে 'আপা তো আইবো না, আমার কী হইবো?'

লেখক: কবি ও রাজনীতি বিশ্লেষক