সংসার–মাত্র দুটি অক্ষরের একটি শব্দ, অথচ এর ভেতরেই লুকিয়ে থাকে একটি জীবনের অসংখ্য স্বপ্ন, প্রত্যাশা, ভালোবাসা, মায়া, ত্যাগ আর বেঁচে থাকার গল্প। সংসার মানে শুধু এক ছাদের নিচে দুজন মানুষের বসবাস নয়; সংসার মানে সুখে-দুঃখে পাশাপাশি পথচলার অঙ্গীকার, একে অপরের প্রতি বিশ্বাস, দায়িত্ববোধ ও আমৃত্যু একসঙ্গে থাকার প্রতিশ্রুতি। অথচ সময়ের বিবর্তনে সেই চিরচেনা বন্ধন আজ কত সহজেই ছিন্ন হচ্ছে! যে সম্পর্কে একদিন মৃত্যুর আগপর্যন্ত হাত ধরে থাকার শপথ ছিল, সেখানে বিয়ের কয়েক মাস কিংবা কয়েক বছরের মাথায় বেজে উঠছে বিচ্ছেদের করুণ সুর। প্রশ্ন জাগে–এখনও সংসার ভাঙে কেন? ভালোবাসার এত আয়োজন, এত প্রতিশ্রুতি, এত স্বপ্নের পরও কেন ভেঙে যায় সাজানো ঘর? স্বামী থাকা সত্ত্বেও স্ত্রীর পরকীয়া, সন্তান থাকা সত্ত্বেও বিবাহিত নারীর পরপুরুষে আসক্ত হওয়া, একপর্যায়ে স্বামীর সংসার ও সন্তান ফেলে অজানা গন্তব্যে পাড়ি জমানো–এমন ঘটনা এখন আর কেবল শহুরে জীবনের বিচ্ছিন্ন কোনো চিত্র নয়। একইভাবে স্ত্রী থাকা সত্ত্বেও স্বামীর পরকীয়া, স্ত্রী-সন্তানের প্রতি দায়িত্বে অবহেলা, পরস্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়া কিংবা নতুন করে আরেকটি বিয়েতে বসার ঘটনাও সমাজে উদ্বেগজনকভাবে আলোচিত হচ্ছে।এভাবেই সংসার নামের শ্রেষ্ঠ বন্ধন যেন পরিণত হচ্ছে তাসের ঘরে। দীর্ঘ কয়েক যুগের দাম্পত্যজীবনেও নেমে আসছে বিচ্ছেদের কালো ছায়া। প্রতিনিয়ত কানে আসছে সংসার ভাঙার খবর। একসময় যে প্রবণতাকে শহুরে জীবনের সংকট বলে মনে করা হতো, তা আজ ছড়িয়ে পড়েছে গ্রামবাংলার জনপদেও।
জীবনকে উপভোগ করার স্বাধীনতা নারী-পুরুষ উভয়েরই রয়েছে। ব্যক্তিস্বাধীনতা মানুষের অধিকার। কিন্তু সেই স্বাধীনতা যখন দায়িত্ববোধ, নৈতিকতা ও পারিবারিক অঙ্গীকারের সীমা অতিক্রম করে লাগামহীনতায় রূপ নেয়, তখন তার মাশুল দিতে হয় একটি পরিবারকে। অ্যান্ড্রয়েড ফোন, ফেসবুক, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে আমাদের ভালোবাসার আঙিনায় যেন চিরতার রস মিশে গেছে। বাস্তবের সম্পর্ককে অবহেলা করে ভার্চ্যুয়াল জগতের মায়াজালে মজে থাকছি আমরা। দু-তিন দিনের পরিচয়, কয়েক দিনের কথোপকথন, তারপর পার্ক-রেস্তোরাঁয় অবাধ বিচরণ; একপর্যায়ে গড়ে উঠছে গোপন ও অনৈতিক সম্পর্ক। সেই সম্পর্কের আঁচ এসে পড়ছে দাম্পত্যজীবনে। শুরু হচ্ছে সন্দেহ, অবিশ্বাস, নিত্যদিনের ঝগড়া, বাদানুবাদ ও অশান্তি। যে ঘরটি কিছুদিন আগেও ছিল ভালোবাসার নীড়, সেটিই হয়ে উঠছে বিষণ্নতা আর অশান্তির আবাস। তবে সংসার ভাঙার সব দায় নারী-পুরুষের অবাধ মেলামেশা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর চাপিয়ে দিলে প্রকৃত বাস্তবতা আড়ালেই থেকে যাবে। এর পেছনে রয়েছে বহুমাত্রিক সংকট–পরকীয়া, দায়িত্বহীনতা, পারিবারিক হস্তক্ষেপ, অর্থনৈতিক অনটন, যৌতুক, শারীরিক ও মানসিক নির্যাতন, মাদকাসক্তি, অপরিণত বয়সে বিয়ে, পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব এবং প্রত্যাশার সঙ্গে বাস্তবতার সংঘাত। কখনো পরকীয়া সংসার ভাঙার কারণ, আবার কখনো দীর্ঘদিনের অবহেলা, নির্যাতন ও অশান্তি মানুষকে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বাধ্য করে। তাই বিচ্ছেদের প্রতিটি ঘটনাকে একই পাল্লায় মাপার সুযোগ নেই।
অতীতের সংসার, বর্তমানের বাস্তবতাঃ একটু পেছন ফিরে তাকালে দেখা যায়, আমাদের মা-দাদিদের সংসারজীবন খুব একটা মসৃণ ছিল না। অভাব ছিল, অনটন ছিল, অর্থনৈতিক অনিশ্চয়তা ছিল; চিকিৎসা, যোগাযোগ ও জীবনযাপনের সুযোগ-সুবিধাও ছিল সীমিত। তবু সংসার টিকিয়ে রাখার প্রবল আকাঙ্ক্ষা ছিল। স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ হলে পরিবারের বয়োজ্যেষ্ঠরা এগিয়ে আসতেন। অভিমান ভাঙাতে বসতেন, ভুল-বোঝাবুঝির অবসান ঘটানোর চেষ্টা করতেন। সংসার বাঁচাতে উভয় পক্ষকেই ছাড় দিতে হতো। সুখের চেয়ে সংসারের স্থায়িত্ব, ব্যক্তিগত অভিমানের চেয়ে পারিবারিক বন্ধন অনেক বেশি গুরুত্ব পেত। আজ সময় বদলেছে। শিক্ষার প্রসার ঘটেছে, নারীর অর্থনৈতিক সক্ষমতা ও কর্মসংস্থান বেড়েছে, যোগাযোগব্যবস্থা উন্নত হয়েছে, মানুষ নিজের অধিকার ও স্বাধীনতা সম্পর্কে অনেক বেশি সচেতন হয়েছে। এগুলো নিঃসন্দেহে ইতিবাচক পরিবর্তন। কিন্তু একই সঙ্গে বেড়েছে প্রত্যাশা, আত্মকেন্দ্রিকতা, তুলনা করার প্রবণতা ও তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা। সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের সাজানো সুখী জীবনের ছবি দেখে নিজের সংসারকে অসুখী মনে করার প্রবণতাও তৈরি হয়েছে। একসময় অভাবের সংসারেও মানুষ একে অপরের ওপর নির্ভর করে বেঁচে থাকত। এখন অনেক ক্ষেত্রে অর্থনৈতিক সচ্ছলতা থাকলেও মানসিক দূরত্ব ঘুচছে না। একই ছাদের নিচে থেকেও স্বামী-স্ত্রী যেন দুই ভুবনের বাসিন্দা। একে অপরের সঙ্গে কথা বলার সময় নেই, অথচ অপরিচিত মানুষের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথোপকথনের অবকাশ রয়েছে। মুখোমুখি বসে সমস্যার সমাধানের বদলে কেউ কেউ বেছে নিচ্ছেন নীরবতা, সন্দেহ কিংবা বিচ্ছেদের পথ। প্রযুক্তি আমাদের দূরত্ব কমিয়েছে, কিন্তু সম্পর্কের যত্ন নেওয়ার শিক্ষা দেয়নি।
সংসার ভাঙার বিষয়টি শুধু ব্যক্তিগত অভিজ্ঞতা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় সীমাবদ্ধ নয়; জাতীয় পরিসংখ্যানেও এর বাস্তব প্রতিফলন রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিকস ২০২২’ প্রতিবেদন অনুযায়ী, ওই বছর তালাক ও দাম্পত্য বিচ্ছেদের প্রধান কারণ ছিল পরকীয়া–২২ দশমিক ৬ শতাংশ। দাম্পত্যজীবন বজায় রাখতে অক্ষমতা বা অনীহা ছিল ২২ দশমিক ১ শতাংশ। জীবনযাপনের ব্যয় বহনে অক্ষমতা বা অনীহা ১০ দশমিক ৬ শতাংশ এবং পারিবারিক চাপ ১০ দশমিক ২ শতাংশ ক্ষেত্রে বিচ্ছেদের কারণ হিসেবে উঠে এসেছে। প্রতিবেদনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, পরকীয়ার কারণে বিচ্ছেদের হার গ্রামীণ এলাকায় ২৩ শতাংশ এবং শহরে ২০ দশমিক ৯ শতাংশ। শারীরিক ও মানসিক নির্যাতনের হার গ্রামে ১০ দশমিক ৫ শতাংশ, শহরে ৬ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ সংসার ভাঙার সংকট এখন আর কেবল নগরজীবনের সমস্যা নয়; গ্রামীণ সমাজেও এর শিকড় বিস্তৃত হচ্ছে। বিবিএসের ২০২৩ সালের নমুনা জরিপে প্রতি হাজার জনসংখ্যায় তালাকের হার ছিল ১ দশমিক ১; গ্রামে ১ দশমিক ১ এবং শহরে শূন্য দশমিক ৯। ২০২২ সালে এ হার ছিল ১ দশমিক ৪। তাই প্রতিবছর একই হারে বিচ্ছেদ বাড়ছে–এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। তবে পারিবারিক বন্ধনের পরিবর্তন ও বিচ্ছেদের সামাজিক বাস্তবতা যে গভীরভাবে পর্যবেক্ষণের দাবি রাখে, তা অস্বীকার করার উপায় নেই।
অপরিণত বয়সে বিয়ে, অপরিকল্পিত সংসারঃ আমাদের সামাজিক চিন্তাধারা ও কিছু প্রচলিত রীতিও সংসার ভাঙার জন্য কম দায়ী নয়। অনেক ক্ষেত্রে নারী-পুরুষ পরিণত হওয়ার আগেই বিয়ের বন্ধনে আবদ্ধ হন। সংসার কী, দাম্পত্যজীবনের দায়িত্ব কী, একে অপরের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা কতটা প্রয়োজন–তা বুঝে ওঠার আগেই তাঁদের কাঁধে চাপে সংসার নামের মহাবিদ্যালয়ের গুরুদায়িত্ব। স্বামী-স্ত্রী উভয়েই অনেক সময় বুঝে উঠতে পারেন না, সংসারে মা-বাবা, শ্বশুর-শাশুড়ি কিংবা পরিবারের অন্য সদস্যদের প্রতি দায়িত্বের সীমা কোথায়। কোথায় ব্যক্তিগত সিদ্ধান্তের অধিকার, কোথায় পারিবারিক সমঝোতা প্রয়োজন। এরপর শুরু হয় ভুল-বোঝাবুঝি। কখনো শাশুড়ি-পুত্রবধূর বিরোধ, কখনো স্বামীর পরিবারের প্রতি স্ত্রীর অভিযোগ, কখনো স্ত্রীর পরিবারের প্রতি স্বামীর অসম্মান। ছোটখাটো বিরোধ একসময় বড় আকার ধারণ করে। কোথাও নারীর ওপর চলে শারীরিক ও মানসিক নির্যাতন, কোথাও পুরুষও হন মানসিক ও পারিবারিক চাপের শিকার।দুঃখজনকভাবে, এসব সংকটের দায় অনেক সময় একতরফাভাবে নারীর ওপর চাপানো হয়। নিরুপায় নারী সমাজের একাংশ অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত নিতে বাধ্য হন। কখনো আত্মহত্যার মতো ভয়াবহ পথও বেছে নেন। আবার অনেক নারী নীরবে নির্যাতন সহ্য করে জীবন কাটিয়ে দেন। পুরুষের ক্ষেত্রেও মানসিক অবহেলা ও পারিবারিক সংকটের বাস্তবতা উপেক্ষা করা যায় না। যে সংসার হওয়ার কথা ছিল সুখের আশ্রয়, শান্তির নীড়; সেটিই কখনো কারও কাছে হয়ে ওঠে অসহনীয় বন্দিশালা। যে সংসারে নারী রঙিন শাড়ি পরে শ্বশুরবাড়িতে যাবেন, ভালোবাসা ও মমতায় গড়ে তুলবেন একটি পরিবার এবং জীবনের শেষ অধ্যায়ে সাদা কাফনে পরপারের যাত্রী হবেন–সেই চিরচেনা স্বপ্ন আজ অনেকেরই অধরা। বিয়ের মাস কিংবা বছর না যেতেই ভাঙনের সুর, বিচ্ছেদের বিষমাখা বাণী।
এ প্রবণতা গ্রামবাংলায় ছড়িয়ে পড়ছে কেন? একসময় গ্রামের সামাজিক বন্ধন, আত্মীয়তার সম্পর্ক ও বয়োজ্যেষ্ঠদের পরামর্শ পারিবারিক বিরোধ মীমাংসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। এখন সেই সামাজিক কাঠামো অনেকটাই বদলে গেছে। গ্রামের ঘরে ঘরে স্মার্টফোন ও ইন্টারনেট পৌঁছেছে। শহর-গ্রামের যোগাযোগ সহজ হয়েছে, মানুষের জীবনযাপনেও এসেছে পরিবর্তন। কিন্তু প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সচেতনতা এবং পারিবারিক সম্পর্ক রক্ষার শিক্ষা সেই অনুপাতে বিস্তৃত হয়নি।ফেসবুক, মেসেঞ্জারসহ বিভিন্ন যোগাযোগমাধ্যমে নতুন পরিচয়, বন্ধুত্ব ও আবেগঘন সম্পর্ক তৈরির সুযোগ বেড়েছে। কখনো বাস্তব সংসারের দায়িত্ব, সন্তান লালন-পালন ও দৈনন্দিন সীমাবদ্ধতার তুলনায় নতুন সম্পর্ককে বেশি আকর্ষণীয় মনে হচ্ছে। একপর্যায়ে কেউ কেউ দীর্ঘদিনের সম্পর্ক, সন্তান ও পরিবারের ভবিষ্যৎ ভুলে তাৎক্ষণিক আবেগের কাছে আত্মসমর্পণ করছেন। তবে প্রযুক্তি নিজে সংসার ভাঙার কারণ নয়; এর অপব্যবহার, ব্যক্তির দায়িত্বহীনতা এবং সম্পর্কের প্রতি অবহেলাই সংকটের মূল। একই সঙ্গে গ্রামীণ নারীর সচেতনতা ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় নির্যাতনমূলক সম্পর্ক থেকে বেরিয়ে আসার সাহসও বেড়েছে। সুতরাং প্রতিটি বিচ্ছেদকে নৈতিক অবক্ষয় হিসেবে দেখার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। অসহনীয় নির্যাতন থেকে মুক্তি পাওয়া যেমন অধিকার, তেমনি প্রতারণা ও দায়িত্বহীনতার মাধ্যমে সংসার ভাঙাও নিন্দনীয়।
সংসার টিকিয়ে রাখার পথ কোথায়? সংসার টিকিয়ে রাখার প্রথম শর্ত পারস্পরিক বিশ্বাস, দ্বিতীয় শর্ত দায়িত্ববোধ। শুধু বিয়ে করলেই স্বামী কিংবা স্ত্রী হওয়া যায়, কিন্তু দায়িত্বশীল জীবনসঙ্গী হতে হলে প্রয়োজন মানসিক পরিপক্বতা। বিয়ের আগে নারী-পুরুষ উভয়েরই দাম্পত্যজীবন, পারিবারিক দায়িত্ব, অর্থনৈতিক পরিকল্পনা ও পারস্পরিক প্রত্যাশা সম্পর্কে ধারণা থাকা জরুরি।স্বামীকে বুঝতে হবে, স্ত্রী কেবল সংসারের কাজ করার মানুষ নন; তাঁরও অনুভূতি, সম্মান, স্বপ্ন ও ব্যক্তিস্বাধীনতা রয়েছে। একইভাবে স্ত্রীকেও বুঝতে হবে, স্বামী কেবল অর্থ উপার্জনের যন্ত্র নন; তাঁরও মানসিক চাহিদা, সীমাবদ্ধতা ও দায়িত্ব রয়েছে। সংসার কোনো একক ব্যক্তির ইচ্ছায় চলে না; এটি দুজন মানুষের সম্মিলিত দায়িত্ব ও অংশীদারত্ব।দাম্পত্যজীবনে পরস্পরের জন্য সময় রাখা, মনের কথা শোনা, ভুল হলে ক্ষমা চাওয়া এবং বিরোধ দেখা দিলে আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন। অযাচিত পারিবারিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নৈতিক সীমারেখা বজায় রাখতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে পারিবারিক মূল্যবোধ, দাম্পত্য অধিকার ও দায়িত্ববিষয়ক সচেতনতা বাড়াতে হবে। প্রয়োজনে দাম্পত্য পরামর্শকেন্দ্র ও পারিবারিক কাউন্সেলিংয়ের সুযোগ সৃষ্টি করতে হবে। সবচেয়ে বড় কথা, সংসার রক্ষার নামে কাউকে নির্যাতন কিংবা অসম্মানের মধ্যে আটকে রাখা যাবে না। নির্যাতনের শিকার ব্যক্তির নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। বিচ্ছেদ অনিবার্য হলে সন্তানদের ভবিষ্যৎ, শিক্ষা, চিকিৎসা ও মানসিক নিরাপত্তার দায়িত্বও উভয় অভিভাবককে পালন করতে হবে। কারণ স্বামী-স্ত্রীর সম্পর্কের অবসান ঘটলেও সন্তানদের প্রতি মা-বাবার দায়িত্ব কখনো শেষ হয় না।
পরিশেষে বলবো–আমরা এমন একটি সমাজ চাই, যেখানে সংসার হবে ভালোবাসার নিরাপদ আশ্রয়, নির্যাতনের কারাগার নয়। যেখানে স্বামী-স্ত্রী একে অপরের প্রতি বিশ্বস্ত থাকবেন, দায়িত্ব পালন করবেন এবং পারস্পরিক শ্রদ্ধায় জীবন কাটাবেন। যেখানে স্ত্রী পরকীয়ায় জড়িয়ে সন্তান ফেলে চলে যাবেন না, স্বামীও স্ত্রী-সন্তানের দায়িত্ব ভুলে অন্য সম্পর্কে জড়াবেন না। যেখানে অর্থনৈতিক অসচ্ছলতা, পারিবারিক হস্তক্ষেপ কিংবা সামান্য ভুল-বোঝাবুঝি একটি সংসারের পরিণতি নির্ধারণ করবে না। মনে রাখতে হবে, সংসার টিকিয়ে রাখা শুধু নারীর দায়িত্ব নয়, পুরুষেরও নয়; এটি দুজনের সমান দায়িত্ব। ভালোবাসা একদিনে তৈরি হয় না, বিশ্বাসও একদিনে অর্জিত হয় না। সংসার টিকিয়ে রাখতে প্রতিদিন ভালোবাসতে হয়, প্রতিদিন বিশ্বাসের মর্যাদা দিতে হয়, প্রতিদিন দায়িত্ব পালন করতে হয়। একসময় মানুষ সংসার করত আমৃত্যু একসঙ্গে থাকার স্বপ্ন নিয়ে। এখন অনেকেই সংসার শুরু করেন, কিন্তু সেই সংসার টিকিয়ে রাখার মানসিক প্রস্তুতি নিয়ে ভাবেন না। বিয়ে একটি সামাজিক আয়োজন হতে পারে, কিন্তু সংসার একটি জীবনব্যাপী সাধনা। এখানে প্রয়োজন ধৈর্য, ত্যাগ, সহনশীলতা ও পারস্পরিক সম্মান।
যে ঘরে ভালোবাসা আছে, সেখানে অভাব থাকলেও সুখের সন্ধান মেলে। আর যে ঘরে বিশ্বাস নেই, সেখানে প্রাচুর্য থাকলেও শান্তি থাকে না।সংসার ভাঙার আগে একবার ভাবুন–আপনার একটি ভুল সিদ্ধান্তে শুধু একজন স্বামী কিংবা স্ত্রী নয়, ভেঙে যেতে পারে কয়েকটি নিষ্পাপ সন্তানের সাজানো পৃথিবী। এখনও সময় আছে। আসুন, সম্পর্কের প্রতি দায়িত্বশীল হই, ভালোবাসার মর্যাদা দিই, সংসার বাঁচাতে শিখি। কারণ সংসার শুধু দুটি মানুষের একসঙ্গে বসবাস নয়; এটি একটি পরিবারের স্বপ্ন, আগামী প্রজন্মের নিরাপদ আশ্রয় এবং সামাজিক স্থিতিশীলতার অন্যতম ভিত্তি।
লেখক-
শিব্বির আহমেদ রানা (গণমাধ্যমকর্মী ও কলামিস্ট)
ই-মেইল: [email protected]
আরও পড়ুন:







