কপ-৩১ সম্মেলন নিয়ে প্রকৃতি ও পরিবেশবিষয়ক জনপ্রিয় লেখক মোকারম হোসেন ভাই এক পোস্টে লিখেছেন, “তুরস্কে জলবায়ু সম্মেলন না হলে বুঝতেই পারতাম না দেশে এত পরিবেশবাদী বাস করেন!” পড়ে কৌতুহল বাড়লো, জলবায়ু সম্মেলনে দেশের এত সাংবাদিক কেন যান, কী করেন, কী লেখেন?
খানিকটা উত্তর মিলল সিনিয়র সাংবাদিক আমীন আল রশীদের “জলবায়ু দোকানদারদের অংশগ্রহণে তুর্কিয়েতে চলছে জলবায়ু পিকনিক...”পোস্টের কমেন্ট বক্সে। সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান সম্রাট ভাই লিখেছেন, “সম্মেলনে হোস্ট কান্ট্রি লোকাল ট্রান্সপোর্টেশন ছাড়া আর কোনো সাপোর্ট দেয় না। প্রোপার স্পন্সর না পেলে চাঁদাবাজিই মূল ভরসা। অফিস সাপোর্ট কোন মিডিয়া হাউস কতোটা দেয় সেটা সবার জানা।
সম্রাট ভাই আরও লিখেছেন, “বাংলাদেশের সব শ্রেণীর সাংবাদিকদের এই সম্মেলনে আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কিন্তু এদের অংশগ্রহণের পারপাস আমার কাছে পরিস্কার নয়। এখানে জার্নালিজমের চেয়ে এক্টিভিজমের সুযোগ বেশি। আমি এক্টিভিস্ট হওয়ার পরেও স্পন্সর পাই না। জার্নালিজমে স্পন্সর আসে কোত্থেকে, এটা ভেবে বিস্মিত হই।”
তার মতে, “দেশ-বিদেশ ঘোরার জন্য জলবায়ু সম্মেলন আদর্শ ইভেন্ট। তবে এবার সরকারি, এনজিও, সিভিল সোসাইটির ডেলিগেশনের চেয়ে মিডিয়ার পার্টিসিপ্যান্ট বাংলাদেশ থেকে বেশি। অবশ্য, তার কোনো প্রতিফলন পত্র-পত্রিকা কিংবা ইলেকট্রনিক মিডিয়ায় দেখা যাচ্ছে না।”
পড়ে বুঝতে চেষ্টা করলাম। এরপর বিদেশি মিডিয়ার খবরগুলো চোখে পড়ল। এবারের জলবায়ু সম্মেলনে বাংলাদেশি সাংবাদিকদের অংশগ্রহণ বাড়ার ঘটনা সত্য হলেও, বিশ্বের প্রায় সাড়ে চারশ’ পরিবেশবাদী সংগঠনের জোট ‘কিক বিগ পলিউটারস আউট’ (কেবিপিও) জানাচ্ছে আরও বিস্ময়কর তথ্য। তাদের হিসাবে, গেল তিন দশকের মধ্যে এবারের কপ সম্মেলনে প্রতিনিধির সংখ্যা সর্বোচ্চ রেকর্ড, ৯২ হাজারের বেশি।
অক্সফাম বলছে, সম্মেলনস্থলে অন্তত ৯৪টি প্রাইভেট জেট ফ্লাইট অবতরণ করেছে। যা স্বাভাবিক গড় সংখ্যার চেয়ে ২৩ গুণ বেশি। তারও চেয়ে বিপজ্জনক তথ্য হচ্ছে, আমাদের গ্রহকে বিপজ্জনকভাবে উত্তপ্ত করে তোলা জীবাশ্ম জ্বালানি থেকে বিশ্বকে সরিয়ে আনার লক্ষ্যে আয়োজিত এই সম্মেলনে যোগ দিয়েছেন জীবাশ্ম জ্বালানি স্বার্থরক্ষাকারী শতাধিক করপোরেশন ও শিল্পগোষ্ঠী।
টিআইবির তথ্য বলছে, কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়া প্রতি পাঁচজনের একজন কোন প্রতিনিধিদলের সঙ্গে এসেছেন, তা প্রকাশ করছেন না। সম্মেলন শুরুর পরদিন ১০ নভেম্বর হাজির হয়েই বৈশ্বিক জলবায়ু আন্দোলনের অগ্নিকন্যা গ্রেটা থুনবার্গ এটাকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলেছেন। জলবায়ু আলোচনাগুলো ধ্বংসাত্মক শিল্পের বেতনভুক্ত লবিস্টদের দিয়ে ভরা বলে ক্ষোভ প্রকাশ করেন।
তবুও ভালো, অতি জরুরি গ্লোবাল ইভেন্ট কাভার করার জন্য বাংলাদেশের এত সাংবাদিক সেখানে ছুটে গেছেন! প্রোপার স্পন্সর না পেয়ে, করপোরেট চাঁদাবাজি করে হলেও কপ সম্মেলনে যোগ দেওয়ায় দোষের কিছু নেই!ববং লাভই আছে। দেশে ‘পরিবেশ-নদী’ খেকো যেসব মেগা কোম্পানি লাস্ট বেঞ্চে বসা পরিবেশ-জলবায়ু সাংবাদিকদের পকেটে ভরতে পারেন, সেগুলোর গ্লোবাল ভার্সনের দেখবেন সেখানে।
চোখ-কান খুলে রাখলেই বোঝা যায় জীবাশ্ম জ্বালানি বিরোধী কপ সম্মেলনকে কীভাবে চট করে পকেটে ভরে ফেলে বৈশ্বিক জীবাশ্ম জ্বালানি দানব সৌদির আরামকো, যুক্তরাষ্ট্রের শেভরন, এক্সনমবিল রাশিয়ার গ্যাজপ্রম, ইরানের নাইকো, যুক্তরাজ্যের বিপি, নেদারল্যান্ডসের শেল, ভারতের কোল ইন্ডিয়া, ফ্রান্সের টোটালএনার্জিসের মতো কোম্পানিগুলো।
সেক্ষেত্রে সম্মেলনে যোগ দেওয়ার নামে বিদেশ ট্যুর আর ‘কপ-৩১’ ব্যানারের সামনে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করাতেই যত আনন্দ! নিয়ন মতিয়ুল, বার্তা সম্পাদক, দৈনিক সংবাদ
আরও পড়ুন:







