বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩

প্রত্যর্পণ চুক্তি নিয়ে বিভ্রান্তি; হাসিনার ভারতে বন্দী থাকা কি আবশ্যক?

মাহতাব মুহাম্মদ, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ২১:২৫

আপডেট: ১২ নভেম্বর, ২০২৬ ২২:১৪

শেয়ার

প্রত্যর্পণ চুক্তি নিয়ে বিভ্রান্তি; হাসিনার ভারতে বন্দী থাকা কি আবশ্যক?
ছবি: সংগৃহীত

সম্প্রতি খবর বেরিয়েছে, ভারতে পালিয়ে থাকা ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষে তার বাংলাদেশের পাসপোর্ট ও এনআইডি কার্ড পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দিল্লির বাংলাদেশ হাইকমিশনে আইনজীবীর মাধ্যমে ইমেইল পাঠানো হয়েছে। হাসিনার পক্ষে করা এই আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এরপর থেকেই হাসিনার দেশে ফেরা ও ফেরানো এবং বন্দি বিনিময় চুক্তি শীর্ষক আলোচনা তুঙ্গে। বাংলাদেশ সরকার দীর্ঘদিন ধরেই প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে চাচ্ছে। এক্ষেত্রে আওয়ামী শুভাকাঙ্ক্ষীদের কেউ কেউ প্রশ্ন তুলেছেন, হাসিনা বন্দি বিনিময় চুক্তির আওতায় পড়েন কি না। কারণ, ভারত তো হাসিনাকে বন্দি করেনি। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে, হাসিনা যেহেতু ভারতে বন্দি নয়, তাই তার ক্ষেত্রে বন্দি বিনিময় চুক্তি খাটবে না। ব্যাপারটি নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে। এবার সেটি খোলাসা করা যাক।

আসলে হাসিনার প্রত্যর্পণ নিয়ে জনমনের এই বিভ্রান্তির প্রধান কারণ হলো 'বন্দি বিনিময়' শব্দটির ভুল প্রয়োগ। মূলত, কূটনৈতিক ও আন্তর্জাতিক আইনের ভাষায় এটিকে বন্দি বিনিময় বলা হয় না; বলা হয় 'প্রত্যর্পণ', যা ইংরেজিতে Extradition। আইনশাস্ত্র ও বাংলাদেশ-ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক চুক্তির আলোকে এটি পরিষ্কার যে, কোনো ব্যক্তিকে ফেরত চাওয়ার জন্য সংশ্লিষ্ট দেশে তার আনুষ্ঠানিকভাবে কাস্টডি বা জেলে বন্দি থাকার আদৌ কোনো আইনি বাধ্যবাধকতা নেই।

সাধারণ আলোচনায় কথার কথা হিসেবে 'বন্দি বিনিময় চুক্তি' বলা হলেও, বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালের ২৮ জানুয়ারি স্বাক্ষরিত এবং ২০১৬ সালে সংশোধিত চুক্তিটির সঠিক নাম হলো—Treaty Between the Republic of India and the People's Republic of Bangladesh Relating to Extradition। বাংলায় যেটিকে বলা হয় ভারত ও বাংলাদেশের মধ্যকার 'প্রত্যর্পণ চুক্তি'। আদতে, চুক্তির শিরোনামে Prisoner Exchange বা বন্দি বিনিময় শব্দটিই নেই।

বন্দি বিনিময় এবং প্রত্যর্পণ—এই দুটি শব্দের আইনি প্রক্রিয়া ভিন্ন। বন্দি বিনিময় প্রযোজ্য হয় যখন কোনো দেশে একজন বিদেশি নাগরিক আদালতে দণ্ডপ্রাপ্ত হন এবং শাস্তি ভোগ করার জন্য বিদেশি নাগরিক তার নিজ দেশে ফিরতে চান বা তার নিজ দেশ তাকে ফিরিয়ে নিতে চায়। এক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ২০১০ সালে স্বাক্ষরিত Transfer of Sentenced Persons শীর্ষক চুক্তিটি প্রয়োগ করা যেতে পারে। আর যুদ্ধবন্দিদের বিনিময়ের ক্ষেত্রে ১৯৪৯ সালের ৩য় জেনেভা কনভেনশন প্রযোজ্য। অপরদিকে, প্রত্যর্পণ প্রযোজ্য হয় যখন কোনো ব্যক্তি নিজ দেশে অপরাধ করে বা অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়ে অন্য কোনো দেশে আশ্রয় নেন। সংশ্লিষ্ট ব্যক্তি আশ্রিত দেশে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছেন নাকি বন্দি আছেন, তা প্রত্যর্পণের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করে না। তাই, শেখ হাসিনা ভারতে বন্দি অবস্থায় না থেকেও সম্পূর্ণ আইনিভাবেই বাংলাদেশ-ভারতের মধ্যকার স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির আওতায় পড়ে। বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তিতে এমন কিছু নির্দিষ্ট ধারা রয়েছে যা এই বিষয়টিকে আরও স্পষ্ট করে। চুক্তির ধারা ১ অনুসারে, উভয় দেশই একে অপরের কাছে পলাতক অপরাধীদের হস্তান্তর করতে অঙ্গীকারবদ্ধ। ধারা ২(১) অনুযায়ী, কোনো অপরাধ যদি উভয় দেশের আইনেই অন্তত এক বছরের কারাদণ্ডে দণ্ডনীয় হয়, তবে সেটি প্রত্যর্পণযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও অন্যান্য আদালতে যেসব হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে, তা চুক্তিতে উল্লিখিত সাজার মাত্রার চেয়ে অনেক বেশি। ফলে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই হাসিনা প্রত্যর্পণযোগ্য অপরাধী হিসেবে সাব্যস্ত হয়। চুক্তির ধারা ১০(৩) স্পষ্ট করে যে, প্রত্যর্পণের আবেদন জানানোর জন্য অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকাই যথেষ্ট। ধারা ১০ (৪) অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি সংশ্লিষ্ট আদালত কর্তৃক দণ্ডিত হলে এবং আইনিভাবে মোকাবেলা করার সব উপায় শেষ হয়ে গেলে প্রত্যর্পণ চুক্তি কার্যকর হবে৷ ব্যক্তি বিদেশে গ্রেপ্তার বা বন্দি আছেন কি না, তা বিবেচনার প্রয়োজনই নেই।

তাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়া ও মামলা মোকাবেলার সকল আইনি পথ সমাপ্ত হওয়ায় বাংলাদেশ সরকার চুক্তির এই ধারা কার্যকর করার আইনি অধিকার অর্জন করেছে।

আন্তর্জাতিক প্রত্যর্পণ চুক্তিতে সাধারণ একটি অনুচ্ছেদ থাকে যা রাজনৈতিক অপরাধের ব্যতিক্রম হিসেবে উল্লিখিত হয়। প্রত্যর্পণকে বাধাগ্রস্ত করার জন্য সাধারণত অপরাধী ব্যক্তি দাবি করেন যে তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে বাংলাদেশ-ভারত চুক্তির ক্ষেত্রে এই অজুহাত কার্যকরের সুযোগ সীমিত। কারণ, হাসিনা যে মানবতাবিরোধী অপরাধ করেছে—বিশেষত জুলাই গণঅভ্যুত্থানের সময় বহু মানুষ হত্যার শিকার হয়েছেন—তা স্বয়ং জাতিসংঘ তার প্রতিবেদনে উল্লেখ করেছে। তাছাড়া মানুষ হত্যার নির্দেশসংক্রান্ত হাসিনার কথোপকথন ফাঁস হওয়ার পর তার বিরুদ্ধে আনা মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলার কোনো সুযোগ নেই। পাশাপাশি, চুক্তির ধারা ৬(১)-এ বলা হয়েছে, অপরাধটি যদি 'রাজনৈতিক প্রকৃতির' হয়, তবে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করা যেতে পারে। কিন্তু এই ধারার অধীনেই স্পষ্ট কিছু ব্যতিক্রমও যুক্ত করা আছে। ধারা ৬(২) অনুযায়ী কিছু অপরাধকে কোনোভাবেই 'রাজনৈতিক অপরাধ' হিসেবে গণ্য করা যাবে না। যেমন—হত্যা, নরহত্যা বা গুরুতর শারীরিক আঘাত সৃষ্টি, বোমা বিস্ফোরণ, আগ্নেয়াস্ত্র ব্যবহার বা সন্ত্রাসী কর্মকাণ্ড ইত্যাদি।

এদিকে, শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনীত প্রধান অভিযোগগুলোই হলো 'মানবতাবিরোধী অপরাধ'। এক্ষেত্রে শেখ হাসিনার বিরুদ্ধে আনীত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে এবং আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। তাই প্রত্যর্পণ চুক্তির স্পষ্ট সংশোধনীর কারণে ভারতের পক্ষে আইনগতভাবে হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগকে রাজনৈতিক অপরাধ আখ্যা দিয়ে হস্তান্তরে সরাসরি অস্বীকৃতি জানানো কঠিন। এছাড়া প্রমাণের অপর্যাপ্ততা ও ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কাও ধোপে টেকে না। কেননা, জাতিসংঘের প্রতিবেদনই মানবাধিকার লঙ্ঘনের সাক্ষ্য দেয়। সেই সঙ্গে আসামিপক্ষে আইনজীবী নিয়োগের সুযোগসহ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই বিচারকার্য পরিচালিত হয়েছে। ভারত প্রত্যর্পণ চুক্তির ধারা ৮-সহ যেসব আইন শেখ হাসিনাকে ফেরত দেবার বিষয়ে অজুহাত হিসেবে দাঁড় করাতে পারে, সেগুলোর ভিত্তি দুর্বল ও খণ্ডনযোগ্য।

সবমিলিয়ে বলা যায়, শেখ হাসিনা ভারতে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার বা বন্দি না থাকলেও, বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আইনি ভিত্তি ও ধারাগুলোর আলোকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে হাসিনার প্রত্যর্পণ দাবি করতে পারে। এক্ষেত্রে ভারতে হাসিনা বন্দি আছেন কি না—এই আলাপ কোনো আইনি গুরুত্ব বহন করে না।

লেখক: মাহতাব মুহাম্মদ, কলামিস্ট, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক

ইমেইল: [email protected]