ইতালির ভেনিসের মেস্ত্রে এলাকায় বাংলাদেশি চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। এ ঘটনায় হামলায় জড়িত থাকার অভিযোগে শনাক্ত হওয়া পাঁচ বাংলাদেশিকে ইতালির তদন্ত সংস্থা জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে জিজ্ঞাসাবাদ শেষে আপাতত তাঁদের ছেড়ে দেয়া হয়েছে। ঘটনাটির তদন্ত এখনো চলমান রয়েছে বলে জানা গেছে।
আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে যাঁদের নাম জানা গেছে, তাঁরা হলেন শেপল মাহমুদ বিপ্লব, মনিরুল হাওলাদার, মো. আলতাফ পাহাড়, ইলিয়াস মিয়া ও মাসুম খালাশে। তবে তাঁদের আটক ও মুক্তির বিষয়ে ইতালির পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
এদিকে, ইলিয়াসের আটকের বিষয়টি তাঁর কর্মস্থলের সহকর্মীরাও বাংলা এডিশনের কাছে নিশ্চিত করেছেন। তাঁরা একই প্রতিষ্ঠানে ইলিয়াসের সঙ্গে কাজ করেন বলে জানা গেছে।
এর আগে ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর ইতালির ভেনিসের মেস্ত্রে এলাকায় চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনা ঘটে। বাঁধনের অভিযোগ, কয়েকজন বাংলাদেশি তাঁকে ঘিরে ধরে শারীরিকভাবে হেনস্তা করেন। এ সময় তাঁর শরীরে পানি, কোমল পানীয় ও ডিম ছোড়া হয়। তাঁর মোবাইল ফোন কেড়ে নেয়ার পাশাপাশি তাঁকে মারধর ও অশালীন ভাষায় গালিগালাজ করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
বাঁধনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে তাঁর ভূমিকা ও রাজনৈতিক অবস্থানের কারণে তাঁকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। ঘটনার সময় তাঁর ভাই, ভাবি ও পরিবারের ছোট শিশুও সেখানে উপস্থিত ছিল।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ ও ইতালিতে ব্যাপক আলোচনা তৈরি হয়। পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়। ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিলানের বাংলাদেশ কনস্যুলেট বাঁধনকে আইনি ও কনস্যুলার সহযোগিতা দেয়। একই সঙ্গে ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়।
এদিকে, বাংলাদেশের প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) ফ্যাক্ট-চেকিং ও মিডিয়া গবেষণা প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট ঘটনার ভিডিও বিশ্লেষণ করে পাঁচজনের পরিচয় শনাক্তের কথা জানায়। ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডসহ বিভিন্ন গণমাধ্যমে তাঁদের নাম প্রকাশিত হয়। বাংলাফ্যাক্টের দাবি অনুযায়ী, তাঁরা ইতালিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
অন্যদিকে, ইতালির সংবাদমাধ্যম ANSA, La Nuova Venezia এবং Corriere delle Alpi ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। ইতালির পুলিশের বিশেষ তদন্ত শাখা DIGOS ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছে বলে এসব প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ইতালির প্রচলিত দণ্ডবিধি অনুযায়ী, তদন্তে শারীরিক আঘাত, মারধর, হুমকি কিংবা অন্য কোনো অপরাধের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে অপরাধের ধরন ও মাত্রা অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
ইতালির দণ্ডবিধির ৫৮১ ধারায় শারীরিকভাবে আঘাত করার অপরাধে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড অথবা জরিমানার বিধান রয়েছে। ৫৮২ ধারায় শারীরিক বা মানসিক অসুস্থতা সৃষ্টি হয় এমন আঘাতের ক্ষেত্রে ছয় মাস থেকে তিন বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। এ ছাড়া ৬১২ ধারায় অপরাধমূলক হুমকির জন্য জরিমানা এবং গুরুতর হুমকির ক্ষেত্রে সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।
তবে কোন ধারায় মামলা চলবে এবং কী ধরনের সাজা হতে পারে, তা নির্ভর করবে তদন্তে পাওয়া প্রমাণ, প্রত্যেকের ব্যক্তিগত ভূমিকা, আঘাতের মাত্রা এবং আদালতের সিদ্ধান্তের ওপর।
সব মিলিয়ে চিত্রনায়িকা বাঁধনের ওপর হামলার ঘটনাটি এখনো তদন্তাধীন। জিজ্ঞাসাবাদ শেষে পাঁচজনকে ছেড়ে দেয়া হলেও তদন্ত শেষ হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। এখন দেখার বিষয়, ইতালির তদন্ত সংস্থার চূড়ান্ত তদন্তে কী তথ্য উঠে আসে এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেয়া হয়।
আরও পড়ুন:







