বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

বাংলাদেশে শাহরুখের ‘কিং’ সিনেমা মুক্তির উদ্যোগ; প্রতিবাদের ঘোষণা এনসিপি নেতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ১৫:৫৩

আপডেট: ২৬ নভেম্বর, ২০২৬ ১৫:৫৭

শেয়ার

বাংলাদেশে শাহরুখের ‘কিং’ সিনেমা মুক্তির উদ্যোগ; প্রতিবাদের ঘোষণা এনসিপি নেতার
ছবি: সংগৃহীত

শাহরুখ খানের অভিনীত সিনেমা ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তির উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে সরকারি অনুমতির জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করেছে প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ে আবেদনপত্র জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অনন্য মামুন। তবে বাংলাদেশে সিনেমাটি মুক্তির বিষয়টি নির্ভর করছে মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের ওপর।

এদিকে বাংলাদেশে ভারতীয় সিনেমা মুক্তির উদ্যোগের প্রতিবাদ জানিয়েছেন এনসিপির ঢাকা জেলা উত্তরের যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেন খান।

তিনি বলেন, “ভারতের মন্ত্রী অর্জুন সিং যেহেতু ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা কেড়ে নেয়ার হুমকি দিয়েছেন, তাই এর প্রতিবাদ হিসেবে কোনোভাবেই বাংলাদেশের মাটিতে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শন হতে পারে না। প্রয়োজনে আমরা আইনি পদক্ষেপসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করব।”

ফয়সাল হোসেন খান আরও অভিযোগ করেন, বাংলাদেশের চলচ্চিত্রশিল্পে দীর্ঘদিন ভারতীয় সিনেমা আমদানি বন্ধ থাকলেও অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের মালিক ও নির্মাতা আওয়ামী সাংস্কৃতিক ফ্যাসিস্ট অনন্য মামুনের উদ্যোগে তৎকালীন সরকারের আমলে ভারতীয় সিনেমার প্রবেশের সুযোগ তৈরি হয়।

তাঁর দাবি, তৎকালীন তথ্য মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সচিব এবং সাবেক ফ্যাসিস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে আশাদ আদনানের সহযোগিতায় ভারতীয় সিনেমা আমদানির পরিধি বাড়ানো হয়েছিল।

অনন্য মামুনের সমালোচনা করে ফয়সাল বলেন, “সাংস্কৃতিক অঙ্গনে কর্তৃত্ববাদী প্রভাবের অন্যতম উদাহরণ ফ্যাসি অনন্য মামুন। ভারতীয় সিনেমা আমদানির জন্য উন্মুক্ত অনুমতি দেওয়ার ক্ষেত্রে তৎকালীন তথ্য মন্ত্রীর সঙ্গে তাঁর বিশেষ সম্পর্ক ছিল। এমনকি ভারতীয় সিনেমা আমদানির অনুমতি দেয়ার বিনিময়ে সাবেক তথ্য মন্ত্রীকে একটি দামি গাড়ি উপহার দেয়ার অভিযোগও রয়েছে।”

তিনি বলেন, ভারতীয় সিনেমা মুক্তির উদ্যোগের বিরুদ্ধে তাঁরা প্রতিবাদ অব্যাহত রাখবেন এবং প্রয়োজনে আইনগত পদক্ষেপ নেবেন।