শনিবার

৪ জুলাই, ২০২৬ ২০ আষাঢ়, ১৪৩৩

জুলাই আন্দোলন অবমাননার, শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬ ১২:০৬

শেয়ার

জুলাই আন্দোলন অবমাননার, শাওন ও মাহিসহ তিনজনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ
ছবি সংগৃহীত

আওয়ামী লীগের দোসর অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে জুলাই আন্দোলনকে অবমাননা ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারের অভিযোগ তুলে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকালে রাষ্ট্র সংলাপ ফোরাম নামের একটি সংগঠনের তিনজন পদধারী সদস্য এই অভিযোগ দাখিল করেন।

শাহবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) স্বপন জানান, অভিযোগকারীরা প্রথমে মামলা দায়েরের ইচ্ছা প্রকাশ করলেও পরে লিখিত অভিযোগ জমা দেন। তিনি জানান, অভিযোগটি গ্রহণ করে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপপরিদর্শক রায়হানকে এবং যাচাই-বাছাইয়ের জন্য বিষয়টি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ইউনিটে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্ট ও ভিডিওর ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। তদন্তে অভিযোগের সত্যতা মিললে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে পুলিশ জানিয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে শহীদ ও আহতদের আত্মত্যাগ জড়িয়ে আছে। তবে সম্প্রতি কয়েকজন ব্যক্তি আন্দোলন ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে অবমাননাকর মন্তব্য ও কর্মকাণ্ডে জড়িয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে বলা হয়, শান্তা ফারজানা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও প্রকাশ করেছেন, যা জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে বলে দাবি করা হয়েছে।

মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিও বার্তায় জুলাই আন্দোলনকে পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপন করেছেন।

মাহিয়া মাহির বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে আন্দোলনকারীদের কর্মকাণ্ডকে অভিনয়ের সঙ্গে তুলনা করে কটাক্ষ করেছেন, যা আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতি অবমাননাকর বলে দাবি করা হয়েছে।

অভিযোগপত্রে স্বাক্ষর করেন রাষ্ট্র সংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্যসচিব আনম আয়াস, তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ আলম বাদশা। তারা অভিযোগের তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

পুলিশ জানিয়েছে, অভিযোগটি বর্তমানে তদন্তাধীন এবং সাইবার ইউনিটের মাধ্যমে সংশ্লিষ্ট অনলাইন কনটেন্ট যাচাই করা হচ্ছে।



banner close
banner close