অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় দায়ের হওয়া আত্মহত্যায় প্ররোচনার মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ। রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় মামলার তদন্তে সহায়ক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে আদালতে জানিয়েছে তদন্ত সংস্থা।
মঙ্গলবার (৩০ জুন) মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের পরিদর্শক আব্দুল মালেক আলভীকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনে বলা হয়, গত ২৮ জুন স্বাস্থ্য পরীক্ষা শেষে আলভীকে ডিবি কার্যালয়ে নিয়ে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে মামলার তদন্তে সহায়ক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পাশাপাশি প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্যও মিলেছে বলে আবেদনে উল্লেখ করা হয়। তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলেও জানানো হয়।
এর আগে গত ২৪ জুন আদালত এ মামলায় আলভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরও আগে ১৮ জুন তিনি আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ।
মামলার অপর আসামি আলভীর মা নাসরিন সুলতানা শিউলি। গত ৪ জুন তিনি আদালতে আত্মসমর্পণ করলে জামিন পান।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ মার্চ বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর মিরপুরে নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
ইকরার মৃত্যুর ঘটনায় গত ২৮ জুন রাতে তার মামা শেখ তানভীর আহমেদ মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। মামলায় আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলিকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন:








