বুধবার

২৪ জুন, ২০২৬ ১০ আষাঢ়, ১৪৩৩

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা: ২ দিনের রিমান্ডে অভিনেতা জাহের আলভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬ ২২:২৮

শেয়ার

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা: ২ দিনের রিমান্ডে অভিনেতা জাহের আলভী
ছবি সংগৃহীত

ছোট পর্দার অভিনেতা জাহের আলভীকে (মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া) তাঁর স্ত্রী আফরা ইভনাত ইকরাকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুণী মীরের আদালত এই আদেশ প্রদান করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের পরিদর্শক মো. আব্দুল মালেক আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমএম কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হারুনুর রশিদ।

এর আগে গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন জাহের আলভী। আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে আফরা ইভনাত ইকরাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্বজনরা তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পর নিহতের বাবা কবির হায়াত খান একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

উল্লেখ্য, একই মামলায় গত ৪ জুন জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন। বর্তমানে অভিনেতা জাহের আলভী পুলিশি জিজ্ঞাসাবাদে রয়েছেন।



banner close
banner close