বৃহস্পতিবার

১৮ জুন, ২০২৬ ৪ আষাঢ়, ১৪৩৩

স্ত্রীর আত্মহত্যার প্ররোচনা মামলা: অভিনেতা জাহের আলভী কারাগারে

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬ ১৫:৩০

আপডেট: ১৮ জুন, ২০২৬ ১৫:৩৭

শেয়ার

স্ত্রীর আত্মহত্যার প্ররোচনা মামলা: অভিনেতা জাহের আলভী কারাগারে
ছবি সংগৃহীত

স্ত্রীর আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালত এই আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, এদিন দুপুর ১টা ৩০ মিনিটের দিকে জাহের আলভী আদালতে উপস্থিত হন। এরপর ১টা ৫৬ মিনিটে শুনানি শুরু হলে তিনি কাঠগড়ায় দাঁড়ান। আলভীর পক্ষে জামিন আবেদন করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি আনোয়ার জাহিদ ভূইয়াসহ অন্য আইনজীবীরা। অন্যদিকে, বাদীপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করে তাকে কারাগারে পাঠানোর আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের জামিন আবেদনে উল্লেখ করা হয়, জাহের আলভী এই ঘটনার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন। এটি একটি প্রেমঘটিত বিয়ে ছিল এবং ব্যক্তিগত প্রতিহিংসা থেকে তাকে হয়রানি করার উদ্দেশ্যে এই মামলা দায়ের করা হয়েছে। এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। এছাড়া নাটক নির্মাণের কাজে গত ২৫ ফেব্রুয়ারি থেকে তিনি নেপালে অবস্থান করছিলেন এবং সেখানেই অবস্থানকালে তার বিরুদ্ধে মামলাটি করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়নায় ঝুলন্ত অবস্থায় আফরা ইবনাত ইকরাকে উদ্ধার করেন তার পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই দিন রাতেই ইকরার বাবা কবির হায়াত খান বাদী হয়ে পল্লবী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, অভিনেতা জাহের আলভী ও ইকরা ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে। এই মামলায় এর আগে গত ৪ জুন আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেন। বর্তমানে অভিনেতা জাহের আলভী আদালতের নির্দেশে জেলহাজতে রয়েছেন।



banner close
banner close