বুধবার

১০ জুন, ২০২৬ ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

সালমান শাহর লাশ উত্তোলনের নির্দেশ, হবে নতুন ময়নাতদন্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ জুন, ২০২৬ ১৮:০৬

শেয়ার

সালমান শাহর লাশ উত্তোলনের নির্দেশ, হবে নতুন ময়নাতদন্ত
ছবি সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলন করে নতুনভাবে ময়নাতদন্ত সম্পন্নের নির্দেশ দিয়েছেন আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন তৈরি ও পুনরায় ময়নাতদন্ত পরিচালনার এ আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ গত ২০ মে আদালতে আবেদন করলে ২৪ মে এ আদেশ দেওয়া হয়। বুধবার (১০ জুন) তদন্তকারী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যার প্রকৃত কারণ উদঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনপূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্নের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল এবং আদালত তা মঞ্জুর করেছেন। কিছু প্রশাসনিক কার্যক্রম সম্পন্নের পর মরদেহ উত্তোলন করা হবে বলেও তিনি জানান।

মামলার নথি অনুযায়ী, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে সালমান শাহর মা নিলুফা জামান চৌধুরী, বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী এবং পরিবারের অন্য সদস্যরা রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় গেলে তাদের জানানো হয় তিনি ঘুমিয়ে আছেন। পরে বাসা থেকে ফোন পেয়ে দ্রুত ফিরে এসে তারা তাকে শয়নকক্ষে অচেতন অবস্থায় দেখতে পান। এরপর তাকে প্রথমে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে তাকে সিলেটে হজরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণের কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুর পরদিন রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছিল। দীর্ঘ বছর পর গত ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত বাদীপক্ষের রিভিশন আবেদন মঞ্জুর করে বিষয়টিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে ২১ অক্টোবর রমনা থানায় নতুন হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় সালমান শাহর স্ত্রী সামিরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইসহ মোট ১৭ জনকে এবং অজ্ঞাতপরিচয় আরো কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বাদীপক্ষ অভিযোগ করেছে, সালমান শাহর মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে এসব অভিযোগের বিচারিক প্রমাণ এখনো আদালতে প্রতিষ্ঠিত হয়নি এবং মামলাটির তদন্ত চলমান রয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে তদন্ত সংস্থা সিআইডি সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলন করে নতুন সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত সম্পন্ন করবে।



banner close
banner close