বৃহস্পতিবার

১৪ মে, ২০২৬ ৩১ বৈশাখ, ১৪৩৩

সালমান শাহ হত্যা মামলায় ২৩ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ মে, ২০২৬ ১৮:১১

শেয়ার

সালমান শাহ হত্যা মামলায় ২৩ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
ছবি সংগৃহীত

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আগামী ২৩ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও রমনা মডেল থানা পুলিশ তা দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা নতুন এই তারিখ নির্ধারণ করেন।

গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম এই মামলা দায়ের করেন। ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক রিভিশন আবেদন মঞ্জুর করে রমনা থানাকে হত্যা মামলা গ্রহণের নির্দেশ দেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের নিজ ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় তৎকালীন জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ, যাঁর প্রকৃত নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। মৃত্যুর পর তাঁর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী প্রথমে একটি অপমৃত্যু মামলা করেন। পরে হত্যার অভিযোগ এনে ১৯৯৭ সালের ২৪ জুলাই মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানান তিনি। আদালত অপমৃত্যু মামলার সঙ্গে হত্যার অভিযোগও তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন। একই বছরের ৩ নভেম্বর সিআইডি 'আত্মহত্যা' উল্লেখ করে প্রতিবেদন দাখিল করে।

ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে রিভিশন মামলা দায়ের করা হলে ২০০৩ সালের ১৯ মে আদালত মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠান। দীর্ঘ ১১ বছর পর ২০১৪ সালের ৩ আগস্ট সেই তদন্তেও 'আত্মহত্যা' মর্মে প্রতিবেদন দেওয়া হয়।

সালমান শাহর বাবার মৃত্যুর পর তাঁর মা নীলা চৌধুরী ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনে নারাজি জানান এবং ১১ জনের নাম উল্লেখ করে পুনরায় তদন্তের দাবি করেন। পরবর্তীতে র‍্যাবকে তদন্তের দায়িত্ব দেওয়া হলেও রাষ্ট্রপক্ষের আপত্তির পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ২১ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৬ র‍্যাবকে তদন্ত থেকে অব্যাহতি দেন। এরপর তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। চার বছর তদন্তের পর ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পিবিআইও 'আত্মহত্যা' মর্মে প্রতিবেদন দাখিল করে।

এই প্রতিবেদনেও সন্তুষ্ট না হয়ে নীলা চৌধুরী পুনরায় নারাজি দিলে আদালত তা নামঞ্জুর করে আসামিদের অব্যাহতির আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে সালমান শাহর পরিবার ২০২২ সালের ১২ জুন আবার রিভিশন মামলা দায়ের করেন, যার ধারাবাহিকতায় বর্তমান মামলাটি পরিচালিত হচ্ছে।



banner close
banner close