শুক্রবার

৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৯ ভাদ্র, ১৪৩৩

শুটিং চলাকালে ডুবে মারা গেলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬ ২০:৩০

আপডেট: ২৯ মার্চ, ২০২৬ ২০:৩২

শেয়ার

শুটিং চলাকালে ডুবে মারা গেলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়
ছবি সংগৃহীত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মারা গেছেন। রোববার (২৯ মার্চ) ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিং করতে গিয়ে তালসারিতে পানিতে নেমে তলিয়ে যান তিনি। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দিঘা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর।

সহশিল্পী ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, শুটিং ইউনিটের সবাই দিঘার তালসারিতে অবস্থান করছিলেন। মধ্যাহ্নভোজের বিরতির সময় রাহুল আরও কয়েকটি শট দিতে পানিতে নামেন। এরপরই এই দুর্ঘটনা ঘটে। ঠিক কীভাবে তিনি ডুবে গেলেন, তা এখনও স্পষ্ট নয় বলে জানান তিনি।

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম নেওয়া রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ‘রাহুল ব্যানার্জী’ নামেই বেশি পরিচিত ছিলেন। শৈশবেই মঞ্চে অভিনয়ের মাধ্যমে তার পথচলা শুরু। বাবার নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে প্রায় ৪৫০টির মতো মঞ্চনাটকে অভিনয় করেন তিনি।

চলচ্চিত্রে তার বড় সাফল্য আসে চিরদিন তুমি যে আমার ছবির মাধ্যমে, যেখানে তিনি প্রিয়াঙ্কা সরকার-এর বিপরীতে অভিনয় করেন। ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় এবং তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়।

এ ছাড়া লাভ সার্কাস শোন মন বলি তোমায় ও পটি পরমেশ্বর’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। টেলিভিশনে তার অভিষেক হয় ‘তুমি আসবে বলে’ ধারাবাহিকের মাধ্যমে। অভিনয়ে অবদানের জন্য আনন্দলোক পুরস্কারসহ একাধিক সম্মাননাও পেয়েছেন এই অভিনেতা।