বুধবার

২৫ মার্চ, ২০২৬ ১১ চৈত্র, ১৪৩২

ভারতে তানিয়া বৃষ্টির দ্বিতীয় দফা ব্রেন টিউমার অস্ত্রোপচার সম্পন্ন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬ ০৮:০২

শেয়ার

ভারতে তানিয়া বৃষ্টির দ্বিতীয় দফা ব্রেন টিউমার অস্ত্রোপচার সম্পন্ন
ছবি সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি-র ব্রেন টিউমারের চিকিৎসার অংশ হিসেবে ভারতে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি জানান, অস্ত্রোপচারের পর বর্তমানে তানিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তাকে বিশেষ সতর্কতার মধ্যে থাকতে হবে।

জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তানিয়া বৃষ্টির প্রথম দফায় অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে এমজিএম হাসপাতালে গত ৯ মার্চ দ্বিতীয় দফার অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারের পর তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় কয়েকদিন আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। টানা চিকিৎসার পর ২১ মার্চ তাকে কেবিনে স্থানান্তর করা হয় এবং ২২ মার্চ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। সব মিলিয়ে তিনি ১৪ দিন হাসপাতালে ভর্তি ছিলেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তানিয়া বৃষ্টিকে এখন সব ধরনের মানসিক চাপ এড়িয়ে চলতে হবে এবং সুস্থতার জন্য সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আগামী ১০ এপ্রিল ফলোআপের জন্য তাকে আবারও চেন্নাই যেতে হবে।

এদিকে নিজের অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় তানিয়া বৃষ্টি জানান, অস্ত্রোপচার, আইসিইউ ও লাইফ সাপোর্ট মিলিয়ে টানা ১১ দিন তিনি কঠিন সময় পার করেছেন। ওই পোস্টে মন্তব্য করে তাকে ধন্যবাদ জানান চয়নিকা চৌধুরী। জবাবে আবেগঘন প্রতিক্রিয়ায় চয়নিকা জানান, অসুস্থ তানিয়াকে দেখে তিনি গভীরভাবে মর্মাহত হন এবং কষ্ট সামলে রাখতে হয়েছে।

সহকর্মী তানভিন সুইটি তানিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। পাশাপাশি বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর সৃষ্টিকর্তার রহমত প্রার্থনা করে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।



banner close
banner close