আট বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন সংগীতশিল্পী বেবী নাজনীন। রবিবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। নেমেই কথা বলেন, গণমাধ্যমকর্মীদের সঙ্গে। শুরুতেই জুলাই আগস্টের আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
নাজনীন জানান, দীর্ঘদিন পরে দেশে আসার অভিজ্ঞতা আসলেই অন্যরকম। শিল্পী হিসেবে আমি আবারও দর্শকের সামনে ফিরব। দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম। জুলাই আন্দোলনের শিক্ষার্থী-জনতার ত্যাগের কারণে দেশে ফিরেছি। তাদের কাছে আমি কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, ‘আমাদের শিল্পীদের দীর্ঘদিন ধরে দলীয় মোড়কে আটকে রাখা হয়েছে। আমি এটা চাই না। শিল্পীরা দলমতের ঊর্ধ্বে থাকবেন, তাঁরা সবার। বিশেষ কোনো দলের সমর্থক বলেই তাকে এড়িয়ে চলতে হবে, এমন সংস্কৃতি আমি চাই না। সঙ্গীতাঙ্গন ঢেলে সাজানোর কাজ করতে চাই। সবার অংশগ্রহণের মাধ্যমে আমাদের সামনে নতুন বাংলাদেশ তৈরি হবে।’
দেশের বাইরে থাকলেও রাজনীতিতে এখনো সক্রিয় এই সংগীতশিল্পী। গত জুন মাসে বেবী নাজনীনকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।
প্রায় সাড়ে চার দশকের ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সংগীত তারকা। আধুনিক সংগীতের সর্বাধিক সংখ্যক একক, দ্বৈত ও মিশ্র অডিও অ্যালবামের শিল্পী বেবী নাজনীন তাঁর সংগীতজীবনের শুরু থেকেই অডিও মাধ্যম, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র এবং দেশ-বিদেশের মঞ্চ মাতিয়েছেন সমান তালে।








