ছবি; সংগৃহীত
পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবনের গল্পে নির্মিত হয়েছে বায়োপিক ‘মাইকেল’। আগামী বছরের ১৮ এপ্রিল সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সিনেমাটির মুক্তি পিছিয়ে গেল। সংবাদমাধ্যম বিলবোর্ড জানিয়েছে, প্রায় ছয় মাস পিছিয়েছে মুক্তির তারিখ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এটি ২০২৫ সালের ৩ অক্টোবর মুক্তি পাবে।
বায়োপিকে মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করেছেন তার আপন ভাগনে জাফার জ্যাকসন। অন্যান্য চরিত্রে রয়েছেন নিয়া লং, লরা হ্যারিয়ার, মাইলস টেলার, কোলম্যান ডমিঙ্গো প্রমুখ। এটি পরিচালনা করেছেন অ্যান্টনি ফুকুয়া।
চিত্রনাট্য লিখেছেন জন লোগান। প্রযোজক হিসেবে রয়েছেন গ্রাহাম কিং, জন ব্রাঙ্কা ও জন ম্যাকক্লেইন। জানা গেছে, সিনেমাটিতে জ্যাকসনের ৩০টি গান অন্তর্ভুক্ত হবে। ফুকুয়া চেষ্টা করেছেন মাইকেলের জীবনকে পুরোপুরিভাবে পর্দায় তুলে ধরতে।








