বাংলাদেশের প্রবীণ শিল্পী মুস্তাফা মনোয়ারকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় শনিবার বিকেল থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
মুস্তাফা মনোয়ারের ব্যক্তিগত সহকারী মো. রুবেল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রোস্টেট ক্যানসারের চিকিৎসার জন্য কিছুদিন আগে স্যার ভারতের দিল্লি গিয়েছিলেন।'
তিনি বলেন, ‘দেশে ফিরে স্যার সুস্থ ছিলেন। গত বুধবার বিকেলে বাসায় মাথা ঘুরে পড়ে গেলে উনাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্যারের অবস্থা খুবই খারাপ, আপনারা সবাই দোয়া করবেন।'
মুস্তাফা মনোয়ার বাংলাদেশের একজন প্রখ্যাত চিত্রশিল্পী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের শিশুতোষ অনুষ্ঠানের প্রধান শিল্পী হিসেবে বিশেষভাবে পরিচিত।
বাংলাদেশের চিত্রকলায় তার অবদান ছাড়াও তিনি পাপেট বা পুতুলনাচের অঙ্গনে একজন পথিকৃৎ। এজন্য তাকে ‘পাপেটম্যান’ বলা হয়। পুতুলনাচকে তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির অংশ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
তিনি চিত্রকলায় বহু প্রদর্শনীতে অংশগ্রহণের পাশাপাশি দেশের বিভিন্ন সাংস্কৃতিক উন্নয়নে কাজ করেছেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মুস্তাফা মনোয়ার।








