দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তি ও বিনা বেতনে পড়াশোনার সুযোগ দিচ্ছে সরকার। পাশাপাশি দারিদ্র্যভিত্তিক মূল্যায়নের মাধ্যমে ছাত্ররাও এ সুবিধা পাবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী এবং ২৬ লাখ ১২ হাজার ছাত্রসহ মোট ৯৯ লাখ ৩৪ হাজার শিক্ষার্থী উপবৃত্তির আওতায় আসবে। এ খাতে সরকারের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা।
বিএনপির নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার অনুযায়ী সমন্বিত উপবৃত্তি কর্মসূচির পরিধি বাড়িয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এর লক্ষ্য নারী শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের ঝরে পড়া কমানো, বাল্যবিবাহ রোধ এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া। পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-৪ অনুযায়ী সবার জন্য অবৈতনিক শিক্ষা নিশ্চিত করাও এ কর্মসূচির উদ্দেশ্য।
১৯৯৪ সালের উপবৃত্তি কর্মসূচি সম্প্রসারণ
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, দেশের আর্থসামাজিক রূপান্তর, মানবসম্পদ উন্নয়ন এবং নারী শিক্ষার প্রসারে ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রবর্তিত উপবৃত্তি কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি বলেন, ওই কর্মসূচির আওতায় প্রত্যন্ত অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকার ছাত্রীদের আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া হতো। এর ফলে মেয়েদের ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমে আসে এবং শিক্ষায় তাদের অংশগ্রহণের অগ্রগতি অব্যাহত থাকে।
মাহদী আমিন আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগের কর্মসূচির ধারাবাহিকতায় সারা দেশে শতভাগ ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষা খাতের আধুনিকায়নে তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার, শিক্ষকদের মর্যাদা ও জীবনমান উন্নয়ন এবং শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও কর্মমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ব্যয় বাড়ল ৩৮৮ কোটি ৮৮ লাখ টাকা
সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় ইমপ্রুভিং অ্যাক্সেস অ্যান্ড রিটেনশন থ্রু হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম স্কিমের চতুর্থ সংশোধনীর মাধ্যমে কর্মসূচির পরিধি বাড়ানো হয়েছে।
গত ৮ অক্টোবর অর্থ বিভাগের নীতিগত সিদ্ধান্তের পর ১১ নভেম্বর সংশোধিত ডকুমেন্ট অনুমোদন দেয় অর্থ বিভাগ। পরদিন ১২ নভেম্বর প্রশাসনিক অনুমোদন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। কর্মসূচিটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
সংশোধিত ডকুমেন্ট অনুযায়ী, ১ জুলাই ২০১৮ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত স্কিমের মূল মেয়াদ অপরিবর্তিত রাখা হয়েছে। তবে মোট ব্যয় ৩৮৮ কোটি ৮৮ লাখ টাকা বাড়ানো হয়েছে।
তৃতীয় সংশোধনীতে অনুমোদিত ১৮ হাজার ৮০ কোটি ২৫ লাখ টাকার পরিবর্তে চতুর্থ সংশোধনীতে মোট ব্যয় ধরা হয়েছে ১৮ হাজার ৪৬৯ কোটি ১৩ লাখ টাকা। এর মধ্যে ২০২৬ সালের জুন পর্যন্ত প্রকৃত ব্যয় হয়েছে ১৩ হাজার ৭৬২ কোটি ৩৫ লাখ টাকা। আর্থিক অগ্রগতি ৭৪ শতাংশ।
২০২৬-২৭ অর্থবছরে স্কিমটির প্রাক্কলিত ব্যয় ৪ হাজার ৭০৬ কোটি ৭৮ লাখ টাকা। এর মধ্যে শুধু উপবৃত্তি খাতে বরাদ্দ রাখা হয়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৬৮ লাখ টাকা।
এক বছরে সুবিধাভোগী বাড়ছে ৩৪ লাখের বেশি
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে উপবৃত্তি পেয়েছেন ৬৫ লাখ ২৫ হাজার শিক্ষার্থী। তাঁদের মধ্যে ৩৯ লাখ ১৬ হাজার ছাত্রী এবং ২৬ লাখ ৯ হাজার ছাত্র।
নতুন সংশোধিত পরিকল্পনায় ২০২৬-২৭ অর্থবছরে ৭৩ লাখ ২২ হাজার ছাত্রী এবং ২৬ লাখ ১২ হাজার ছাত্রকে উপবৃত্তি দেওয়ার প্রাক্কলন করা হয়েছে। সব মিলিয়ে সুবিধাভোগীর সংখ্যা দাঁড়াবে ৯৯ লাখ ৩৪ হাজার।
এসইডিপির ডেপুটি প্রোগ্রাম কোঅর্ডিনেটর প্রফেসর সাদেক আহমেদ খান বলেন, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শতভাগ ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার চূড়ান্ত অনুমোদন ও অর্থ ছাড় হয়েছে।
উপবৃত্তি কর্মসূচির কাঠামো অনুযায়ী, ১৯৯৪ সালে বেগম খালেদা জিয়ার সরকারের আমলে ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিস্ট্যান্স প্রজেক্টসহ চারটি পৃথক প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের উপবৃত্তি চালু হয়। পরে ২০০২ সালে উচ্চমাধ্যমিক পর্যায়ে উপবৃত্তি চালু হয়। পর্যায়ক্রমে সেকায়েপ, সেসিপ, এসইএসপি ও এইচএসএসপি একীভূত হয়ে বর্তমান সমন্বিত উপবৃত্তি কর্মসূচি গড়ে ওঠে।
মাহদী আমিন বলেন, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে শতভাগ উপবৃত্তি চালু হলে প্রান্তিক ও দরিদ্র পরিবারের মেয়েদের পড়াশোনার ব্যয়জনিত চাপ কমবে। পাশাপাশি বাল্যবিবাহ রোধ, নারীর আর্থসামাজিক ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-৪ অর্জনের অগ্রগতি ত্বরান্বিত হবে।
দারিদ্র্যভিত্তিক যাচাইয়ে ছাত্রদের নির্বাচন
নতুন কাঠামোয় সব ছাত্রী উপবৃত্তি ও টিউশন ফি সুবিধা পেলেও প্রক্সি-মিনস টেস্ট (পিএমটি) পদ্ধতি অনুসরণ করা হবে। তবে দারিদ্র্য যাচাইয়ের প্রক্রিয়ায় কোনো ছাত্রীকে বাদ দেওয়া হবে না। তথ্যভান্ডার তৈরি ও গবেষণার কাজে এসব তথ্য ব্যবহার করা হবে।
অসচ্ছল পরিবারের ছাত্রদের ক্ষেত্রে হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে-২০২২ অনুযায়ী ৩০টি প্রশ্নের ভিত্তিতে ওয়েইটেজ ও কাট-অফ মার্কস নির্ধারণ করে নির্বাচন করা হবে।
এ ছাড়া প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধার সন্তান, প্রাক্তন ছিটমহলবাসী এবং জুলাই যোদ্ধা শিক্ষার্থীরা বিশেষ অগ্রাধিকারসহ শতভাগ উপবৃত্তি পাবেন।
২২ উপজেলায় শতভাগ উপবৃত্তির সুবিধা
দেশের অনগ্রসর ১০টি উপজেলার সঙ্গে নতুন করে আরও ১২টি উপজেলা যুক্ত করা হচ্ছে। ফলে মোট ২২টি উপজেলার আবেদনের যোগ্য সব ছাত্র-ছাত্রী শতভাগ উপবৃত্তির সুবিধা পাবেন।
উপজেলাগুলো হলো নাইক্ষ্যংছড়ি, আলীকদম, কুড়িগ্রাম সদর, রৌমারী, চর রাজিবপুর, চিলমারী, উলিপুর, ভুরুঙ্গামারী, কাহারোল, খানসামা, কুলিয়ারচর, মিঠামইন, ইটনা, অষ্টগ্রাম, খালিয়াজুরী, শাল্লা, ধর্মপাশা, দোয়ারাবাজার, আজমিরীগঞ্জ, হাতিয়া, চৌহালি ও মনপুরা।
উপবৃত্তি অব্যাহত রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমপক্ষে ৭৫ শতাংশ উপস্থিতি, বার্ষিক পরীক্ষায় অন্তত ৪৫ শতাংশ নম্বর অর্জন, শিক্ষা বোর্ডের নিবন্ধন এবং উচ্চমাধ্যমিক পর্যন্ত অবিবাহিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
সরাসরি ব্যাংক ও মোবাইল হিসাবে যাবে টাকা
উপবৃত্তির অর্থ জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং বায়োমেট্রিক নিবন্ধিত সিম যাচাইয়ের পর আইবাস++ ব্যবস্থার মাধ্যমে জিটুপি বা সরকার থেকে ব্যক্তি পদ্ধতিতে পাঠানো হবে।
উপকারভোগী শিক্ষার্থী অথবা অভিভাবকের ব্যাংক হিসাব, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং হিসাবে সরাসরি অর্থ জমা হবে।
আগের সুবিধাভোগী ছাত্রীদের নতুন করে হিসাব খুলতে হবে না। নতুন শিক্ষার্থীদের ক্ষেত্রে বাবা-মা বা অভিভাবকের এনআইডি ও নিবন্ধিত সিম ব্যবহার করে গ্রাহক পরিচিতি যাচাই (কেওয়াইসি) সম্পন্ন করতে হবে। বিকল্প হিসেবে যৌথ স্কুল ব্যাংকিং হিসাব খোলার সুযোগ থাকবে। শিক্ষার্থীর বয়স ১৮ বছর হলে হিসাবের তথ্য হালনাগাদ করতে হবে।
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক বলেন, জিটুপি পদ্ধতিতে শিক্ষার্থীদের হিসাবে উপবৃত্তি, টিউশন ফি, পাবলিক পরীক্ষার ফি এবং বই কেনার অর্থ পাঠানো হবে।
তিনি জানান, আগামী ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রীর মাধ্যমে কর্মসূচিটি উদ্বোধনের কথা রয়েছে। সে অনুযায়ী প্রস্তুতি চলছে। এ ছাড়া ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে সফটওয়্যার ও তথ্যসংক্রান্ত জটিলতায় উপবৃত্তি থেকে বঞ্চিত প্রায় ১৬ লাখ শিক্ষার্থীর বকেয়া অর্থ পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।
তথ্য সংগ্রহে অনীহা নিয়ে বাস্তবায়নের শঙ্কা
স্কিম সংশ্লিষ্টরা জানান, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-ডিসেম্বর কিস্তির উপবৃত্তি, টিউশন ফি, দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফি এবং একাদশ শ্রেণির বই কেনার অর্থ দিতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ চলছে।
রাজধানী ঢাকা থেকে শুরু করে বিভাগীয় শহর, জেলা, উপজেলা ও মফস্বল পর্যায়ের সব ছাত্রী এবং দারিদ্র্য ও মেধার ভিত্তিতে নির্বাচিত ছাত্ররা এ সুবিধা পাবে।
তবে রাজধানী ঢাকা ও বিভাগীয় শহরের বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কিছু প্রতিষ্ঠানে নির্ধারিত হারের চেয়ে বেশি টিউশন ফি নেওয়ার প্রবণতা রয়েছে। এ কারণে এসব প্রতিষ্ঠানের তালিকাভুক্তি ও তথ্য অন্তর্ভুক্তিতে অনীহা দেখা দিতে পারে। এতে ওইসব প্রতিষ্ঠানে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা উপবৃত্তি থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে।
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির উপপরিচালক প্রফেসর সাইফুল আলম বলেন, ছাত্রীদের শতভাগ উপবৃত্তি বাস্তবায়নে ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে দ্রুতগতিতে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
তিনি বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত হারের চেয়ে বেশি বেতন নেয়, সেগুলোর অনেকেই উপবৃত্তি কর্মসূচির আওতায় আসতে চায় না। এতে ওইসব প্রতিষ্ঠানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা সুবিধা থেকে বঞ্চিত হতে পারে। কর্মসূচি কার্যকর করতে এ বিষয়ে বাধ্যতামূলক নির্দেশনা থাকা জরুরি।
অর্থ বিভাগ নির্ধারিত হার অনুযায়ী, শ্রেণিভেদে মাসিক উপবৃত্তি ২০০ থেকে ৪০০ টাকা এবং টিউশন ফি ৩৫ থেকে ৮০ টাকা। এ ছাড়া দশম থেকে দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফি ও বই কেনার জন্য এক হাজার থেকে দেড় হাজার টাকা দেওয়া হবে।
শিক্ষার্থীপ্রতি বাৎসরিক ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৮২০ থেকে ৭ হাজার ২৬০ টাকা।
আরও পড়ুন:







