কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকে দুর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে এক শিক্ষার্থী ও এক অটোরিকশাচালক আহত হয়েছেন। আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে শিক্ষার্থী ও অটোরিকশাচালক আহত
আহত শিক্ষার্থীর নাম সানজিদা হামীম। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ঘটনার বর্ণনা দিয়ে সানজিদা হামীম জানান, তিনি বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ককটেলটি বিস্ফোরিত হয়ে তাঁর পায়ে লাগে।
আহত অটোরিকশাচালক জানান, তিনি অটোরিকশায় বসে ছিলেন। হঠাৎ বিস্ফোরণের শব্দে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। এ সময় বিস্ফোরিত ককটেলের একটি অংশ তাঁর ঘাড়ে লাগে। এতে তাঁর ঘাড়ের চামড়া ছিলে যায়। ককটেল নিক্ষেপকারীকে তিনি দেখতে পাননি বলেও জানান।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে আনসার সদস্যদের কাছ থেকে তিনি জানতে পারেন, সেখানে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে।
বিস্ফোরণের ফলে ধোঁয়া সৃষ্টি হওয়ায় আনসার সদস্যরা কাউকে শনাক্ত করতে পারেননি। তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করা হবে।
এ ছাড়া বিষয়টি কোতোয়ালি, সদর দক্ষিণ ও কোটবাড়ি থানাকে অবহিত করা হবে বলে জানান প্রক্টর।
আরও পড়ুন:







