বৃহস্পতিবার

২৬ নভেম্বর, ২০২৬ ১২ অগ্রহায়ণ, ১৪৩৩

সরকারের পরিকল্পনায় ফল প্রকাশের দিনই নতুন বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬ ১১:৫৪

শেয়ার

সরকারের পরিকল্পনায় ফল প্রকাশের দিনই নতুন বই বিতরণ
ছবি সংগৃহীত

২০২৭ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবই বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ লক্ষ্যে আগামী ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বই বিতরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের আগেই মুদ্রণ, বাঁধাই ও উপজেলা পর্যায়ে বই সরবরাহের কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা জানিয়েছেন, সরকার চূড়ান্ত সিদ্ধান্ত দিলে নির্ধারিত সময়েই বই বিতরণ করা সম্ভব হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী ২৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে।

উপজেলা পর্যায়ে পৌঁছেছে অধিকাংশ বই

এনসিটিবি চেয়ারম্যান জানান, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ৯৬ লাখ ৩৬ হাজার পাঠ্যবই ছাপানো হচ্ছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক স্তরের বই ছাপা ও সরবরাহের কাজ শতভাগ শেষ হয়েছে।

প্রাথমিক স্তরের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬ কপি বইয়ের মধ্যে ৯৭ দশমিক ২৮ শতাংশ এবং ইবতেদায়ির ৪ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪ কপি বইয়ের ৯৪ দশমিক ১২ শতাংশের প্রাক-সরবরাহ পরিদর্শন (পিডিআই) সম্পন্ন হয়েছে।

প্রাক-প্রাথমিক স্তরের ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০ কপি বইয়ের কাজও শতভাগ শেষ হয়েছে।

এ ছাড়া ২৫ নভেম্বর পর্যন্ত মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপি বইয়ের মধ্যে ৯২ দশমিক ৯৭ শতাংশের পিডিআই এবং ৯২ শতাংশ বই সরবরাহ সম্পন্ন হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ছাপানো হচ্ছে ৯ হাজার ৪ কপি ব্রেইল বই।

ফল প্রকাশের দিন বই বিতরণের প্রস্তুতি

বই বিতরণের সময়সূচি সম্পর্কে ফখরুল মাওলা জানান, আগে পহেলা জানুয়ারি বই উৎসবকে কেন্দ্র করে বিপুল অর্থ ব্যয় করা হতো। প্রধানমন্ত্রী তারেক রহমান অপ্রয়োজনীয় ব্যয় সাশ্রয়ের নীতি গ্রহণ করেছেন। এ কারণে এবার আগের আয়োজন থেকে বেরিয়ে এসে শুধু বইয়ের মোড়ক উন্মোচনের চিন্তা করা হচ্ছে।

তিনি বলেন, স্কুলগুলোকে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে সব বই বিতরণের নির্দেশনা দেওয়ার প্রস্তুতি চলছে। ২৪ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে যেকোনো একদিন বই বিতরণের পরিকল্পনা রয়েছে। তবে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার পর নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।

সরকার যখনই বই বিতরণ করতে চাইবে, এনসিটিবি সে অনুযায়ী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

৩০ নভেম্বরের মধ্যে শেষ হবে বই সরবরাহ

এনসিটিবি চেয়ারম্যান জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব বই উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন চারটি বইয়ের ছাপা ও বাঁধাইয়ের কাজ আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

আগের বছরগুলোতে কিছু বই ছাপা বা বাঁধাই শেষ না হলেও অল্পসংখ্যক বই কিংবা রেপ্লিকা দেখিয়ে উদ্বোধনী আয়োজন করা হতো। বাকি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে মার্চ বা এপ্রিল পর্যন্ত সময় লাগত। এবার শতভাগ প্রস্তুতি ও বই সরবরাহ নিশ্চিত করার পরই বিতরণ কার্যক্রম শুরু হবে বলে জানান ফখরুল মাওলা।

বইয়ের মান যাচাইয়ে গুরুত্ব

নতুন বইয়ের গুণগত মান সম্পর্কে এনসিটিবি চেয়ারম্যান বলেন, কাগজের মান, ছাপা, বাঁধাই, চোখের ওপর আলোর প্রতিফলন এবং সহজে ছিঁড়ে যায় কি না, এসব বিষয় যাচাই করে বইয়ের মান নিশ্চিত করা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এবার বইয়ের গুণগত মান ভালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ বই সরবরাহ নিশ্চিত করার লক্ষ্য রয়েছে জানিয়ে তিনি এটিকে এনসিটিবির ইতিহাসে একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

বই পরিমার্জন, মুদ্রণ ও সরবরাহের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানের পাশাপাশি শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিবিড় পর্যবেক্ষণের কথা উল্লেখ করেন তিনি।

প্রাথমিক স্তরে যুক্ত হচ্ছে নতুন বই

নতুন বই ও শিক্ষাক্রম সম্পর্কে ফখরুল মাওলা জানান, প্রাথমিক স্তরে খেলাধুলা ও বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক নতুন বই যুক্ত করা হয়েছে। শিশুদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি কমিয়ে খেলার মাঠে ফেরানো এবং বিদ্যালয়ে আনন্দময় পরিবেশ তৈরির লক্ষ্যেই এসব বই যুক্ত করা হয়েছে।

এ ছাড়া কারিগরি শিক্ষার বই ধাপে ধাপে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে সম্প্রসারণ করা হবে।

তিনি আরও জানান, ২০২৮ শিক্ষাবর্ষের পরিমার্জিত শিক্ষাক্রমের রূপরেখা তৈরির জন্য ১২ থেকে ১৪টি দেশের শিক্ষাক্রম বিশ্লেষণ করা হচ্ছে। এ বিষয়ে শিগগিরই নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা শুরু হবে।