বীরত্বপূর্ণ ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ নৌবাহিনীর শান্তিকালীন পদক ‘নৌবাহিনী পদক (এনবিপি)’ পেয়েছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী।
সোমবার নৌবাহিনী সদর দপ্তরের সাগরিকা হলে আয়োজিত এক অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম তাঁর হাতে এ পদক তুলে দেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২১ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনে ২০২৬ সালের শান্তিকালীন পদকের জন্য নৌবাহিনীর ৪০ জন সদস্যকে মনোনীত করা হয়। তাঁদের মধ্যে রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহীসহ তিনজনকে নৌবাহিনী পদক (এনবিপি) দেওয়া হয়েছে।
এ ছাড়া অসামান্য সেবা পদক (ওএসপি) পেয়েছেন পাঁচজন, বিশিষ্ট সেবা পদক (বিএসপি) পাঁচজন, নৌ গৌরব পদক (এনজিপি) সাতজন, নৌ উৎকর্ষ পদক (এনইউপি) ১০ জন এবং নৌ পারদর্শিতা পদক (এনপিপি) পেয়েছেন ১০ জন।
নৌবাহিনীর সদস্যদের বীরত্বপূর্ণ ও সাহসিকতাপূর্ণ কর্মকাণ্ডের পাশাপাশি পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা এবং বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এসব পদক দেয়া হয়।
উল্লেখ্য, রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহী বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ষষ্ঠ উপাচার্য। গত ১০ সেপ্টেম্বর তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
আরও পড়ুন:







