সোমবার

২৩ নভেম্বর, ২০২৬ ৯ অগ্রহায়ণ, ১৪৩৩

যবিপ্রবির ইতিহাসে প্রথম বিভাগীয় অ্যালামনাই কমিটি গঠন করলো পিটিআর

আল আমিন,যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ১২:১০

শেয়ার

যবিপ্রবির ইতিহাসে প্রথম বিভাগীয় অ্যালামনাই কমিটি গঠন করলো পিটিআর
ছবি: বাংলা এডিশন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইতিহাসে প্রথম বিভাগ হিসেবে নির্বাচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করেছে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগ। ‘জাস্ট পিটিআর অ্যালামনাই (জেপিটিএ)’ নামের সংগঠনটির ১৪ সদস্যবিশিষ্ট প্রথম কার্যনির্বাহী কমিটিতে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডা. মো. সারোয়ার হোসেন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন ডা. শেখ আবু জুবায়েদ শাওন।
গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনের ফল প্রকাশের মাধ্যমে আগামী দুই বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয়া হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান ডা. কাজী মো. এমরান হোসেন।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, নবনির্বাচিত কমিটি আগামী ৩০ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়ন করবে। পরে বিভাগীয় সভাপতির সুপারিশক্রমে সাধারণ সভায় অনুমোদনের মাধ্যমে সংগঠনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। প্রয়োজনে কমিটি নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে।
কমিটির অন্য সদস্যরা হলেন—যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. সাকিব আহমেদ ও ডা. শরিফুল ইসলাম; কোষাধ্যক্ষ ডা. মো. মাফরুহি সাত্তার; সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাদশা; দপ্তর সম্পাদক জীবন রায় আকাশ; প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমিন; ক্রীড়া সম্পাদক ডা. মামুন মাহমুদ; সাংস্কৃতিক সম্পাদক ডা. পলক হালদার; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. শুভ্র নীল সরকার; নারী ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ডা. সুরাইয়া ইয়াসমিন স্বর্ণা। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ডা. রায়হান ইসলাম ও ডা. কাজী মো. আজমান হোসেন।
নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ডা. মো. সারোয়ার হোসেন ভূঁইয়া বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রথম বিভাগ হিসেবে একটি নির্বাচিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করতে পারা আমাদের জন্য অত্যন্ত গর্বের ও আবেগের। এটি পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা, যা ভবিষ্যতে অন্যান্য বিভাগকেও অনুপ্রাণিত করবে।”
তিনি জানান, দেশ-বিদেশে কর্মরত প্রাক্তন শিক্ষার্থীদের এক প্ল্যাটফর্মে আনা, বর্তমান শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন, মেন্টরশিপ, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গবেষণা ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় সংগঠনটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
সাধারণ সম্পাদক ডা. শেখ আবু জুবায়েদ শাওন বলেন, “ঐক্যবদ্ধ অ্যালামনাই, পেশাগত উৎকর্ষ ও মানবসেবা এবং যবিপ্রবির ফিজিওথেরাপি বিভাগকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।” তিনি আরও জানান, ডিজিটাল ডাটাবেজ তৈরি, গবেষণা ও ক্লিনিক্যাল ট্রেনিং আয়োজন এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবামূলক ক্যাম্পের মাধ্যমে পেশার মানোন্নয়নে কাজ করবে সংগঠনটি।