যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দিনব্যাপী আয়োজনে কেক কাটা, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন ও ফল ঘোষণা, নবীনবরণ, বৈজ্ঞানিক সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রথম বিভাগীয় অ্যালামনাই কমিটি গঠন
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন। এ নির্বাচনের মধ্য দিয়ে যবিপ্রবির সব বিভাগের মধ্যে প্রথমবারের মতো পিটিআর বিভাগের অ্যালামনাই কমিটি গঠিত হয়। নির্বাচনে অংশ নিতে বিভিন্ন স্থান থেকে প্রাক্তন শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসেন।
এ ছাড়া বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। বৈজ্ঞানিক সেমিনারে ফিজিওথেরাপি ও পুনর্বাসন বিজ্ঞানের সাম্প্রতিক অগ্রগতি, স্নায়বিক ও মাংসপেশিজনিত সমস্যার পুনর্বাসন, ক্রীড়াজনিত আঘাতের ব্যবস্থাপনা এবং প্রমাণভিত্তিক চিকিৎসাপদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।
বিনামূল্যে চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর ও আশপাশের এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে ফিজিওথেরাপি ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে বিভাগের শিক্ষার্থীরা শিক্ষকদের তত্ত্বাবধানে রোগীদের চিকিৎসাসেবা দেন।
সন্ধ্যায় সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাটক পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ এবং বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
ভবিষ্যতে শিক্ষা, গবেষণা ও ক্লিনিক্যাল সেবার মানোন্নয়নের পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন:

.jpg)





