গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সব ধরনের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল। একই সভার সিদ্ধান্তের ধারাবাহিকতায় জেলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিল ও নাম পরিবর্তনের দাবি
বিশ্ববিদ্যালয়ে কয়েক দিন ধরে চলা আন্দোলন ও অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ক্যাম্পাসে প্রবেশ করে মিছিল ও স্লোগান দেওয়ার ঘটনা ঘটে। এতে শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুপুর ২টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে প্রশাসনিক ভবনের পাশ দিয়ে মিছিল করে গোলচত্বরে গিয়ে কর্মসূচি শেষ করেন। এ সময় তারা জয় বাংলা ও জয় বঙ্গবন্ধুসহ বিভিন্ন স্লোগান দেন। আওয়ামী লীগের কয়েকজন নেতার নামেও স্লোগান দিতে দেখা যায় তাদের।
মিছিল শেষে বক্তব্যে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাখার দাবি জানান। আগামী সাত কর্মদিবসের মধ্যে নাম পরিবর্তন এবং বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধুর ছবি পুনরায় স্থাপন না করা হলে নিজেরাই এসব দাবি বাস্তবায়নের উদ্যোগ নেবেন বলে হুঁশিয়ারি দেন তারা।
এর আগে আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনগুলোর আহ্বানে চলা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্র হাতে মিছিলের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ
ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীদের একাংশ। তাদের অভিযোগ, উত্তেজনাকর পরিস্থিতি চললেও আনসার সদস্য ছাড়া অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে ক্যাম্পাসে দেখা যায়নি।
এমন পরিস্থিতিতে রাজনৈতিক উত্তেজনা, বিভিন্ন পক্ষের মিছিল এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় নিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আরও পড়ুন:







.jpg)