শুক্রবার

২০ নভেম্বর, ২০২৬ ৫ অগ্রহায়ণ, ১৪৩৩

৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেবে সরকার, জানালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ২১:১৯

শেয়ার

৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেবে সরকার, জানালেন প্রধানমন্ত্রী
ছবি সংগৃহীত

অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থী ঝরে না পড়ে, সে লক্ষ্যে ষষ্ঠ শ্রেণি থেকে ডিগ্রি (পাস কোর্স) পর্যন্ত ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী এক থেকে দুই মাসের মধ্যে এ কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলের হাটে মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

ছেলে-মেয়ে মিলিয়ে ৭০ লাখ শিক্ষার্থী পাবে উপবৃত্তি

তারেক রহমান বলেন, অর্থনৈতিক অসচ্ছলতার কারণে অনেক শিক্ষার্থীর পড়াশোনা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। সরকার চায়, অর্থের অভাবে কোনো শিক্ষার্থী যেন শিক্ষাজীবন থেকে ঝরে না পড়ে। প্রত্যেক শিক্ষার্থী যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে, সে জন্য উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, ষষ্ঠ শ্রেণি থেকে ডিগ্রি (পাস কোর্স) পর্যন্ত শিক্ষার্থীরা এ উপবৃত্তি পাবে। ছেলে ও মেয়ে মিলিয়ে মোট ৭০ লাখ শিক্ষার্থীকে এ সুবিধার আওতায় আনা হবে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে কার্যক্রম শুরু করে স্কুলের শিক্ষার্থীদের কাছে উপবৃত্তির অর্থ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, একজন মানুষ শিক্ষিত হলে শুধু তিনি নিজেই উপকৃত হন না, তার পরিবারও এর সুফল পায়। পাশাপাশি শিক্ষিত জনগোষ্ঠী দেশের সামগ্রিক উন্নয়নেও ভূমিকা রাখে। তাই আর্থিক সংকটের কারণে কোনো শিক্ষার্থীর শিক্ষার পথ বন্ধ হয়ে যাওয়া উচিত নয়।

নতুন বইয়ের সঙ্গে স্কুল ড্রেস দেওয়ার পরিকল্পনা

শিক্ষার্থীদের সহায়তায় উপবৃত্তির পাশাপাশি নতুন বই ও স্কুল ড্রেস দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশের গ্রামাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য প্রতিবছরের শুরুতেই নতুন বই পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন বইয়ের সঙ্গে শিশুদের হাতে নতুন স্কুল ড্রেসও তুলে দিতে চায় সরকার। সাধারণ খেটে খাওয়া মানুষের সন্তানদের জন্য সরকারের পক্ষ থেকে নতুন স্কুল পোশাক দেওয়ার পরিকল্পনা রয়েছে।

২০৩৪ সালের মধ্যে এভিয়েশন হাব করার লক্ষ্য

এর আগে বৃহস্পতিবার সকালে লালমনিরহাট বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শনে যান তিনি। সেখানে প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন তারেক রহমান। তাদের উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে আগ্রহের কথা শোনেন। এ সময় শিক্ষার্থীরা তাঁর সঙ্গে সেলফি তোলার অনুরোধ জানালে তিনি তাদের সঙ্গে ছবি তোলেন।

প্রতিযোগিতায় বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের সময়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকার অর্থ হলো নিজেকে এবং দেশকে পিছিয়ে রাখা। তাই তরুণ প্রজন্ম, শিক্ষার্থী ও গবেষকদের উদ্ভাবনী সক্ষমতাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

তারেক রহমান জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

এ ছাড়া দেশের মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসোর কার্যক্রম নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, মহাকাশ গবেষণায় দেশের বিজ্ঞানীরা কাজ করছেন। আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশের বিজ্ঞানীদের তৈরি একটি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর আশা করছে সরকার।