গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকে বিশ্ববিদ্যালয়ের আগের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লেখা ব্যানার টাঙিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের নামফলক ভাঙচুর এবং শিক্ষার্থীদের মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে কয়েকশ নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে জয় বাংলা স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন।
নামফলক ভাঙচুর করে ব্যানার টাঙানো
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ক্যাম্পাসে প্রবেশের পর নেতাকর্মীরা শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন স্লোগান দেন। এ সময় শিক্ষার্থীদের মারধরের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
পরে তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের নামফলক ভাঙচুর করে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন।
ঘটনার সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছিলেন। নেতাকর্মীরা ব্যানার টাঙিয়ে চলে যাওয়ার পর শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হয়ে প্রধান ফটকে অবস্থান নেন।
ব্যানার অপসারণে ডিসির সঙ্গে যোগাযোগের উদ্যোগ
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. এস এম আহসান বলেন, শিক্ষার্থীরা যেন কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হন, সেটিই তাঁদের মূল লক্ষ্য ছিল। শিক্ষার্থীদের স্বার্থ ও নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ব্যানারটি অপসারণের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে। বিষয়টি জাতীয় ইস্যু হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের ওপর বিষয়টি ছেড়ে দেওয়া হয়েছে। প্রশাসন যেভাবে নির্দেশনা দেবে, তাঁরা সেভাবেই কাজ করবেন।
আরও পড়ুন:





.jpg)

