রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামছে রাবি সংস্কার আন্দোলন ও মঞ্চ ২৪-এর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠন দুটির নেতাদের নেতৃত্বে মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
প্রশাসনিক ভবনে অবস্থান কর্মসূচির ঘোষণা
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক সালাউদ্দিন আম্মার।
তিনি বলেন, মঙ্গলবার সকাল ১০টা থেকে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করা হবে। রাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিবাচক ভূমিকা না রাখলে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তাঁরা।
সালাউদ্দিন আম্মার আরও বলেন, তাঁদের চলমান আন্দোলনের সঙ্গে মঞ্চ ২৪ যুক্ত হয়েছে। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
আন্দোলনে পূর্ণ একাত্মতা মঞ্চ ২৪-এর
সংবাদ সম্মেলনে মঞ্চ ২৪-এর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক আল ইমরান জিহাদ বলেন, শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার আদায় এবং রাকসু নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে তাঁরা রাবি সংস্কার আন্দোলনের চলমান কর্মসূচির সঙ্গে পূর্ণ একাত্মতা ঘোষণা করেছেন। মঙ্গলবার সকাল ১০টা থেকে তাঁরাও প্রশাসনিক ভবনের অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন রাকসু নির্বাচন নিয়ে টালবাহানা করলে এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নিলে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন তাঁরা।
সংবাদ সম্মেলনে দুই সংগঠনের নেতারা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও রাকসু নির্বাচন আয়োজনের দাবিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান।
এ সময় উপস্থিত ছিলেন মঞ্চ ২৪-এর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক মারজিয়া সুলতানা মিথি, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমীন, সহ-দপ্তর সম্পাদক মাহফুজ এবং রাবি সংস্কার আন্দোলনের সেক্রেটারি আরিফ আলভিসহ দুই সংগঠনের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলন থেকে মঙ্গলবার সকাল ১০টায় ঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।
আরও পড়ুন:



.jpg)



