যারা ফ্যাসিবাদকে ধারণ করে, অতীতে করেছে কিংবা ভবিষ্যতেও করবে, বাংলার মাটিতে তাদের কোনো ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল কাইয়ুম মাসুদ।
রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দেশজুড়ে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।এতে বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
অধ্যাপক ড. আব্দুল কাইয়ুম মাসুদ বলেন, দেশে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার দায়িত্ব পালন করছে। জনগণের নিরঙ্কুশ ম্যান্ডেট নিয়ে সরকার দেশ পরিচালনা করছে। তবে গত ছয় মাসের বেশি সময়ে আমরা দেখছি, সরকারের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে বিভিন্ন ধরনের সহিংস ঘটনা ঘটছে। এসব সহিংস ঘটনার প্রতিবাদ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবিতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক আজ এখানে সমবেত হয়েছেন।
তিনি আরও বলেন, যারা ফ্যাসিবাদকে ধারণ করে, অতীতে করেছে কিংবা ভবিষ্যতেও করবে, এ বাংলার মাটিতে তাদের কোনো ঠাঁই হবে না। তারা যেখানেই থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনতে হবে। এসব সহিংস কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের বিচারের মুখোমুখি করার জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।
একইভাবে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে একাডেমিক কার্যক্রম পরিচালনা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশিত কাজ এগিয়ে নিতে শিক্ষকদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকরা দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদ এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
আরও পড়ুন:

.jpg)





