ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ৩০ ফুট উঁচু স্থায়ী সরস্বতী মূর্তি নির্মাণের সিদ্ধান্ত বাতিল এবং প্রকল্পের অর্থায়নের উৎস তদন্তের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীবৃন্দ ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।
স্থায়ী মূর্তি নির্মাণ নিয়ে সাতটি যুক্তি তুলে ধরেন শিক্ষার্থীরা
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ, প্রশাসনিক শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার স্বার্থে স্থায়ী মূর্তি নির্মাণের সিদ্ধান্ত বাতিল করা প্রয়োজন।
তাদের বক্তব্য, পূর্ববঙ্গের পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠীর উচ্চশিক্ষার প্রসারের ঐতিহাসিক প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। ক্যাম্পাসে সব ধর্মের শিক্ষার্থীদের নিজস্ব প্রার্থনালয় থাকতে পারে। তবে প্রচলিত অস্থায়ী পূজার রীতির বাইরে গিয়ে স্থায়ী মূর্তি নির্মাণ গ্রহণযোগ্য নয় বলে মনে করেন তারা।
শিক্ষার্থীরা আরও বলেন, বিশ্বের বৃহৎ মূর্তি নির্মাণের নামে কোনো হল অ্যালামনাই বা বিদেশি শক্তি অর্থায়ন করে ক্যাম্পাসে ধর্মীয় আধিপত্য বিস্তার কিংবা উসকানি দেওয়ার সুযোগ পেতে পারে না। এ ধরনের উদ্যোগের পেছনে কোনো সাম্প্রদায়িক উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানান তারা।
অর্থায়নের উৎস তদন্তের দাবি
বিক্ষোভকারীদের দাবি, প্রায় এক কোটি ২৫ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পের অর্থ জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কোথা থেকে সংগ্রহ করছে, তা তদন্ত করতে হবে। অ্যালামনাইয়ের আড়ালে কোনো বিদেশি শক্তি অর্থায়নের মাধ্যমে ক্যাম্পাসে প্রভাব বিস্তার বা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে কি না, সেটিও তদন্তের মাধ্যমে বের করার দাবি জানান তারা।
তাদের মতে, স্থায়ী মূর্তি নির্মাণে কোটি টাকার বেশি ব্যয় না করে সেই অর্থ বিশ্ববিদ্যালয়ের গবেষণা, আধুনিক বিজ্ঞানাগার নির্মাণ, দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি এবং আবাসন সংকট নিরসনে ব্যয় করা হলে সাধারণ শিক্ষার্থীরা উপকৃত হতেন।
ধর্মীয় স্থাপনা নিয়ে সমঅধিকারের প্রশ্ন
শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়। হার্ভার্ড, অক্সফোর্ড ও কেমব্রিজের মতো আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উদাহরণ টেনে তারা প্রশ্ন তোলেন, নির্দিষ্ট ধর্মের উপাসনার জন্য স্থায়ী মূর্তি নির্মাণের অনুমতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন দেবে।
তাদের বক্তব্য, জগন্নাথ হলে হিন্দু শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য ধর্মীয় ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীরাও রয়েছেন। সেখানে একটি ধর্মীয় সম্প্রদায়ের জন্য স্থায়ী উপাসনাকেন্দ্র বা প্রতীক নির্মিত হলে অন্য সম্প্রদায়ের শিক্ষার্থীরাও সমান অধিকারের ভিত্তিতে নিজস্ব স্থাপনা নির্মাণের দাবি তুলতে পারেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলে বসবাসকারী মুসলিম শিক্ষার্থীরাও বড় ধর্মীয় স্থাপনা নির্মাণের দাবি তুলতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। এসব দাবি নিয়ে বিরোধ তৈরি হলে বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় অস্থিতিশীলতা দেখা দিতে পারে এবং প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করেন বিক্ষোভকারীরা।
ভারতের বিশ্ববিদ্যালয়ের উদাহরণ তুলে ধরেন তারা
সমাবেশে শিক্ষার্থীরা ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও বিশ্বভারতীর উদাহরণ দেন। তাদের দাবি, এসব বিশ্ববিদ্যালয়ে স্থায়ী বিশাল সরস্বতী মূর্তি নির্মাণের নজির নেই। সেখানে অস্থায়ী মূর্তিতে পূজা উদযাপনের প্রচলন রয়েছে।
এ ছাড়া ২০১৯ সালে ভারতের ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ে স্থায়ী সরস্বতী মূর্তি স্থাপনকে কেন্দ্র করে পাল্টা বুদ্ধমূর্তি স্থাপনের দাবি এবং উত্তেজনা তৈরির ঘটনাও তুলে ধরেন তারা। পরে সরস্বতী মূর্তির পাশাপাশি বুদ্ধমূর্তি স্থাপনের অনুমতি দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাধ্য হয়েছিল বলে সমাবেশে দাবি করা হয়।
শিক্ষার্থীদের আশঙ্কা, ঢাকা বিশ্ববিদ্যালয়েও এ ধরনের স্থায়ী স্থাপনা ভবিষ্যতে ধর্মীয় বিরোধ, নিরাপত্তা ও সম্প্রীতির ক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে। এসব বিবেচনায় জগন্নাথ হলে স্থায়ী সরস্বতী মূর্তি নির্মাণের উদ্যোগ বন্ধের দাবি জানান তারা।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা জানান, এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হবে।
আরও পড়ুন:
.jpg)






