গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শহীদ হাদী চত্বরের ব্যানার খুলে পা দিয়ে মাড়িয়ে ভেঙে ফেলেছেন স্থানীয় কিছু সাবেক ও বর্তমান শিক্ষার্থী। পরে সেখানে মুক্তিযুদ্ধ চত্বর নামে নতুন ব্যানার টাঙানো হয়। তবে একপর্যায়ে ওই ব্যানারটিও খুলে ফেলেন কয়েকজন শিক্ষার্থী।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
ব্যানার সরানো নিয়ে উত্তেজনা
জানা গেছে, সকাল থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে চলমান আন্দোলনের মধ্যে গোবিপ্রবির স্থানীয় কিছু সাবেক ও বর্তমান শিক্ষার্থী শহীদ হাদী চত্বরের ব্যানারটি খুলে ফেলেন। এ সময় তারা ব্যানারটি পা দিয়ে মাড়িয়ে ভেঙে ছুড়ে ফেলে দেন। পরে সেখানে মুক্তিযুদ্ধ চত্বর নামে আরেকটি ব্যানার টাঙানো হয়।
এ উদ্যোগের বিরোধিতা করা হলে সবকিছুর জন্য প্রস্তুত আছেন বলে জানান সংশ্লিষ্ট শিক্ষার্থীরা। তাদের দাবি, তারা ছাত্রলীগ বা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত নন।
পরে মুক্তিযুদ্ধ চত্বরের ব্যানারটিও খুলে ফেলা হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মী ও ছাত্রশিবিরের সমর্থকেরা সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনাও ঘটে।
রক্তপাত এড়াতে ব্যানার সরানোর দাবি
ব্যানার সরানোর পর মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাইমুর রহমান দূর্জয় বলেন, এখানে রাজনীতির কোনো বিষয় নেই। গোপালগঞ্জের এই জায়গায় ৯০০ শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে ১ হাজার ২০০ জনের পরিবার রয়েছে। বিষয়টি নিয়ে তারা আগে থেকেই প্রক্টরকে জানিয়েছেন।
তিনি বলেন, সেদিন গোপালগঞ্জের বিভিন্ন স্থানে মিছিল হচ্ছিল। ওই জায়গাতেও হামলার আশঙ্কা ছিল। তাই আগে থেকেই ব্যানারটি সরিয়ে ফেলেছেন, যাতে কোনো ঝামেলা না হয়।
নাইমুর রহমান আরও বলেন, গোপালগঞ্জের বিভিন্ন গ্রুপে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সাধারণ শিক্ষার্থী ও গোপালগঞ্জে অবস্থানকারীরা চান না, এখানে কোনো কলঙ্কজনক পরিস্থিতি তৈরি হোক। তারা রক্তপাত বা সংঘাত এড়াতে চান।
এ নিয়ে রাজনীতি করার কিছু নেই উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ কিংবা অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য থেকে তারা ব্যানার সরাননি। সাধারণ শিক্ষার্থী ও গোপালগঞ্জের বাসিন্দারা মিলে এ উদ্যোগ নিয়েছেন।
আরও পড়ুন:







