নিরাপত্তার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে যানচলাচল নিয়ন্ত্রিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ব্যতীত সকল যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে। যদিও বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ী, অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার গাড়ী, অনলাইন শপিং বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি প্রবেশ করতে পারবে। তবে নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে কোন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ দিকে আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০ নভেম্বরের পর প্রক্টর অফিস কর্তৃক প্রদত্ত স্টিকার ব্যতীত ক্যাম্পাসে সকল মোটর সাইকেল প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রক্টর অফিস কর্তৃক মোটর সাইকেলের জন্য নিরাপত্তা স্টিকার প্রদান করা হবে। সংশ্লিষ্ট সকলকে (আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যারা মোটর সাইকেল ব্যবহার করেন) প্রক্টর, ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর আগামী ১৯ নভেম্বরের তারিখের মধ্যে স্ব স্ব অফিস প্রদানের সুপারিশসহ আবেদনপত্র জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো। আবেদনপত্রের সাথে মোটর সাইকেলের মালিকানার প্রমাণপত্র, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি ও এক কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি দাখিলের বিষয়টি জানানো হয়।
আরও পড়ুন:







