শনিবার

১৪ নভেম্বর, ২০২৬ ৩০ কার্তিক, ১৪৩৩

এআইয়ের নকল ঠেকাতে অ্যানালগ মূল্যায়নে ফিরছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ১৫:০৮

শেয়ার

এআইয়ের নকল ঠেকাতে অ্যানালগ মূল্যায়নে ফিরছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো
ছবি সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষা ও অ্যাসাইনমেন্টে অসদুপায় ঠেকাতে প্রচলিত মূল্যায়ন পদ্ধতিতে ফেরার পরামর্শ দিয়েছে ইংল্যান্ডের উচ্চশিক্ষা নিয়ন্ত্রক সংস্থা অফিস ফর স্টুডেন্টস (ওএফএস)। এ জন্য শ্রেণিকক্ষে সরাসরি লিখিত পরীক্ষা, মৌখিক উপস্থাপনা ও শিক্ষকদের মুখোমুখি পরীক্ষার মতো পদ্ধতি চালুর ওপর জোর দিয়েছে সংস্থাটি। একই সঙ্গে এআইয়ের অপব্যবহার ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হলে বিশ্ববিদ্যালয়গুলোকে জরিমানা ও অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে।

এআই ব্যবহারে বাড়ছে উদ্বেগ

ওএফএস বলেছে, এআই বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান, মূল্যায়নের নিরপেক্ষতা ও সুনামের জন্য প্রজন্মগত ঝুঁকি তৈরি করেছে। তবে শিক্ষাদানের মান উন্নয়নে এ প্রযুক্তির বড় সুযোগও রয়েছে বলে মনে করে সংস্থাটি। তাদের মতে, শিক্ষার্থীদের মধ্যে এআই ব্যবহার করে অসদুপায় অবলম্বনের প্রবণতা স্বাভাবিক হয়ে উঠছে। এতে শিক্ষার্থীদের প্রকৃত শেখার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

শিক্ষার্থীদের ওপর পরিচালিত বিভিন্ন জরিপে দেখা গেছে, ৯০ শতাংশের বেশি শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট তৈরিতে এআই ব্যবহার করছেন। এ পরিস্থিতিতে কয়েকটি বিশ্ববিদ্যালয় তাদের মূল্যায়ন পদ্ধতি নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে। এর মধ্যে মধ্যযুগীয় সময়ের মৌখিক পরীক্ষাপদ্ধতি ভাইভা ভোসে আবার চালুর বিষয়টিও রয়েছে।

বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে ওএফএস জানিয়েছে, এআই মোকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলোর নেওয়া পদক্ষেপে ব্যাপক পার্থক্য রয়েছে। চার বছর আগে চ্যাটজিপিটি চালুর পর এআই নিয়ে সুস্পষ্ট নীতিমালা তৈরিতে নিয়ন্ত্রক সংস্থাটিও ধীরগতিতে কাজ করেছে বলে যে সমালোচনা রয়েছে, প্রতিবেদনে তা স্বীকার করা হয়েছে।

বাড়িতে করা অ্যাসাইনমেন্ট নিয়ে প্রশ্ন

প্রতিবেদনে কিছু বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন পদ্ধতি পরিবর্তনের উদ্যোগের প্রশংসা করা হলেও অনেক বিশ্ববিদ্যালয় এখনো তত্ত্বাবধানহীন কোর্সওয়ার্ক ও বাড়িতে সম্পন্ন করা অ্যাসাইনমেন্টের ওপর নির্ভর করছে। ওএফএসের মতে, এ ধরনের মূল্যায়ন পদ্ধতি এআইয়ের অপব্যবহারের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থীরা প্রায়ই অভিযোগ করেন, তাঁদের সহপাঠীদের কেউ কেউ এআই ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যে অ্যাসাইনমেন্ট শেষ করছেন। অথচ নিজেরা পরিশ্রম করে কাজ করা শিক্ষার্থীদের মতোই নম্বর পাচ্ছেন তাঁরা।

অনেক শিক্ষার্থী উচ্চ নম্বর পাওয়ার সবচেয়ে কার্যকর উপায় হিসেবে এআইকে দেখছেন। যাঁরা এ প্রযুক্তি ব্যবহার করছেন না, তাঁদের মধ্যে অন্যদের তুলনায় পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। অন্যদিকে শিক্ষকেরা জানিয়েছেন, তাঁরা প্রায়ই একই ধরনের লেখার ধরন ও একই রেফারেন্স ব্যবহার করা অ্যাসাইনমেন্ট পাচ্ছেন। কিছু শিক্ষকের মতে, বর্তমানে কোর্সওয়ার্কের অধিকাংশই আংশিক অথবা সম্পূর্ণভাবে এআইয়ের সহায়তায় লেখা হচ্ছে।

এআইমুক্ত মূল্যায়নের ওপর জোর

ওএফএসের কৌশলবিষয়ক পরিচালক জশ ফ্লেমিং বলেন, এআই শিক্ষাব্যবস্থার জন্য প্রজন্মগত ঝুঁকি তৈরি করছে এবং শিক্ষার্থীদের ন্যায্যভাবে মূল্যায়নের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করছে। এসব ঝুঁকি মোকাবিলায় আরও উদ্যোগ নেওয়া প্রয়োজন। এর মধ্যে এআইমুক্ত মূল্যায়ন পদ্ধতির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়ানো জরুরি।

তিনি বলেন, এআইয়ের কারণে শিক্ষার্থীদের প্রকৃত দক্ষতা যাচাই করা কঠিন হয়ে পড়ছে। এআই শনাক্ত করার সফটওয়্যার নিয়েও সতর্ক করেছেন তিনি। তাঁর মতে, এসব সফটওয়্যার এখনো এতটা নির্ভরযোগ্য নয় যে, সেগুলোর ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়।

ফ্লেমিংয়ের মতে, শিক্ষার্থীদের অসদুপায় অবলম্বনের সুযোগ থাকবে না, এমনভাবে মূল্যায়ন পদ্ধতি তৈরি করাই বেশি কার্যকর। এ লক্ষ্য সামনে রেখে ওএফএস নতুন নির্দেশনায় বিশ্ববিদ্যালয়গুলোকে সরাসরি উপস্থিতিতে পরীক্ষা, উপস্থাপনা ও মৌখিক পরীক্ষার মতো নিরাপদ মূল্যায়ন পদ্ধতি বাড়ানোর পরামর্শ দিয়েছে।

সংস্থাটির নতুন করে সাজানো মাননিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় বিশ্ববিদ্যালয়গুলোকে প্রমাণ করতে হবে, তাদের মূল্যায়ন পদ্ধতি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এআই ব্যবহার করে অনিয়মের সুযোগ না থাকে।

এআই ব্যবহারে দুই ধরনের মূল্যায়ন

প্রতিবেদনে এআইয়ের ইতিবাচক ব্যবহারের সুযোগও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, যথাযথভাবে ব্যবহার করা হলে এ প্রযুক্তি শিক্ষার্থীদের দ্রুত ও ব্যক্তিকেন্দ্রিক ফিডব্যাক দিতে পারে। পাশাপাশি শিক্ষকদের উন্নত শিক্ষাসামগ্রী তৈরিতেও সহায়তা করতে পারে।

বিশ্ববিদ্যালয়গুলোকে আগেভাগেই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জশ ফ্লেমিং। তিনি বলেন, নিয়ন্ত্রক সংস্থা এসে সমস্যা খুঁজে বের করার জন্য অপেক্ষা না করে বিশ্ববিদ্যালয়গুলোর এখনই উদ্যোগ নেওয়া উচিত।

এ ক্ষেত্রে ইউনিভার্সিটি অব বাথের উদ্যোগের প্রশংসা করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়টির টু-লেন অ্যাপ্রোচ বা দুই ধরনের মূল্যায়ন পদ্ধতি রয়েছে। এর একটিতে শিক্ষার্থীরা এআই ব্যবহারের সুযোগ পান না। অন্যটিতে এআই ব্যবহার করা হবে, এমনটি ধরে নিয়েই মূল্যায়ন পদ্ধতি তৈরি করা হয়েছে।

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিত্বকারী সংগঠন ইউনিভার্সিটিজ ইউকে জানিয়েছে, অনেক বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। এসব পরিবর্তনের মধ্যে রয়েছে সরাসরি উপস্থিতিতে পরীক্ষা, উপস্থাপনা, মৌখিক পরীক্ষা, কাজের প্রক্রিয়াভিত্তিক মূল্যায়ন এবং নিয়ন্ত্রিতভাবে এআই ব্যবহার করে সম্পন্ন করা যায় এমন মূল্যায়ন।

সংগঠনটির মতে, বিভিন্ন বিষয়ের জন্য ভিন্ন ভিন্ন মূল্যায়ন পদ্ধতির প্রয়োজন হবে। শিক্ষার্থীদের শেখার লক্ষ্য ও ফলাফলকে সর্বোত্তমভাবে সহায়তা করে, এমন পদ্ধতি বেছে নেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর স্বাধীনতা থাকা উচিত।

শিক্ষার্থীদের এআই ব্যবহারে নীতিমালা চান বাংলাদেশি শিক্ষাবিদ

এদিকে এআই ব্যবহারের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান বলেছেন, শিক্ষার্থীদের শেখার প্রাথমিক পর্যায়ে এআই ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। ছোট শিশুদের যেমন নির্দিষ্ট বয়সের আগে ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ দেওয়া হয় না, তেমনি শিক্ষার্থীদেরও নিজের চিন্তাভাবনা ও বিশ্লেষণী দক্ষতা তৈরির আগে এআইয়ের ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়।

তিনি বলেন, শুরু থেকেই ক্যালকুলেটরের ওপর নির্ভরশীল হলে শিশুরা গণনার মৌলিক বিষয়গুলো আয়ত্ত করতে পারে না। একইভাবে শিক্ষার্থীরা যদি নিজের চিন্তাশক্তি ও বিশ্লেষণী দক্ষতা গড়ে তোলার আগেই অ্যাসাইনমেন্ট বা টার্ম পেপার তৈরিতে এআইয়ের ওপর নির্ভর করেন, তাহলে তাঁদের সৃজনশীলতা, চিন্তাশক্তি ও একাডেমিক লেখার দক্ষতা তৈরি হবে না।

অধ্যাপক মজিবুর রহমানের মতে, এআই ব্যবহারের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব দর্শন ও শিক্ষার উদ্দেশ্যকে গুরুত্ব দিতে হবে। বিশ্বের অন্য বিশ্ববিদ্যালয় কী করছে, সেটি অনুসরণ করাই মূল বিষয় নয়। শিক্ষার্থীরা কোন কাজে এবং কতটুকু এআই ব্যবহার করতে পারবেন, সে বিষয়ে সুস্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন।

তিনি বলেন, বই, গবেষণাপত্র ও প্রাসঙ্গিক তথ্য খুঁজে বের করার মতো কাজে এআই ব্যবহার করা যেতে পারে। তবে পুরো অ্যাসাইনমেন্ট এআই দিয়ে লিখিয়ে নিজের লেখা হিসেবে জমা দেওয়া কিংবা লেখা নিজের মতো পরিবর্তন করে এআই ব্যবহারের বিষয়টি আড়াল করা গ্রহণযোগ্য নয়।

এআইয়ের উপকারিতা অস্বীকার না করে এর সীমিত ও প্রয়োজনীয় ব্যবহার নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের বোঝাতে হবে, এআই দিয়ে নিজের কাজ করিয়ে নেওয়া এক ধরনের নকলের শামিল। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থীদের সচেতন করার পাশাপাশি এআই ব্যবহারের অনুমোদিত ও অননুমোদিত ক্ষেত্র নির্ধারণ করতে হবে।

শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা

শিক্ষকদের এআই ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার ওপরও গুরুত্ব দিয়েছেন অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান। তিনি বলেন, কোনো শিক্ষার্থী এআই ব্যবহার করেছেন কি না, তা বোঝার সক্ষমতা শিক্ষকদের থাকতে হবে। অন্যথায় এআই ব্যবহার না করে নিজেরা কাজ করা শিক্ষার্থীরা মূল্যায়নে পিছিয়ে পড়তে পারেন।

তাঁর মতে, এআইয়ের সহায়তায় তৈরি ভালো মানের কাজ দেখে শিক্ষক বেশি নম্বর দিলে মূল্যায়নে অসমতা তৈরি হতে পারে। এ পরিস্থিতি এড়াতে শিক্ষকদের এআই বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের কাজ যাচাইয়ের প্রয়োজনীয় উপকরণ ও সুযোগ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোকেও উদ্যোগ নিতে হবে।