বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩

এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১৬:৪৬

শেয়ার

এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু ১ ডিসেম্বর
ছবি সংগৃহীত

২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। আগামী ১ ডিসেম্বর পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত সময়সূচি প্রকাশ করা হয়।

যেসব বিষয়ে পরীক্ষা শুরুতে

সময়সূচি অনুযায়ী, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে সাপ্লিমেন্টারি পরীক্ষা। ২ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী অন্যান্য বিষয়ের পরীক্ষাও অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে লিখিত পরীক্ষা শেষ হবে। ব্যবহারিক পরীক্ষাও ১৫ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।

পরীক্ষার সময় ও কেন্দ্রের নির্দেশনা

সময়সূচিতে বলা হয়েছে, প্রতিদিন দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকালের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নেওয়া যাবে না। তবে অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।

ফরম পূরণ করেছে চার লাখের বেশি শিক্ষার্থী

গত ৫ নভেম্বর সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। ৯ নভেম্বর এ প্রক্রিয়া শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে চার লাখেরও বেশি শিক্ষার্থী ফরম পূরণ করেছে।

বিষয়ভিত্তিক ফরম পূরণে সবচেয়ে বেশি শিক্ষার্থী রয়েছে ইংরেজিতে। এ বিষয়ে পুনঃপরীক্ষা দিতে ফরম পূরণ করেছে ২ লাখ ৪৬ হাজার ২৮৬ জন। দ্বিতীয় অবস্থানে থাকা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে ফরম পূরণ করেছে ১ লাখ ৩৮ হাজার ৫১৪ জন।

এ ছাড়া তৃতীয় অবস্থানে থাকা রসায়ন বিষয়ে ফরম পূরণ করেছে ২৭ হাজার ৪৬৬ জন। এই তিনটি বিষয়ের বাইরে আরও কয়েকটি বিষয়ে অল্পসংখ্যক শিক্ষার্থী ফরম পূরণ করেছে।