বৃহস্পতিবার

১২ নভেম্বর, ২০২৬ ২৮ কার্তিক, ১৪৩৩

ইবিতে অনুমতি ছাড়া স্থায়ী মন্দির নির্মাণের চেষ্টা, কাজ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬ ১০:০৫

শেয়ার

ইবিতে অনুমতি ছাড়া স্থায়ী মন্দির নির্মাণের চেষ্টা, কাজ বন্ধ
ছবি: সংগৃহীত

তড়িঘড়ি করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্থায়ী মন্দির স্থাপনের চেষ্টার অভিযোগ উঠেছে। প্রশাসনের সিদ্ধান্ত না মেনে অস্থায়ী মন্দিরের জন্য নির্ধারিত স্থানে এ অবকাঠামো নির্মাণের ঘটনা ঘটে। খবর পেয়ে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মিত অস্থায়ী মন্দির স্থানান্তর করা কমিটি’র দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সদস্যরা সরেজমিনে ক্যাম্পাসের বিভিন্ন সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। পরে বিশ্ববিদ্যালয়ের লেকের সর্বউত্তরের পূর্ব পাশের বাউন্ডারিসংলগ্ন স্থানে সম্পূর্ণ অস্থায়ী মন্দির স্থাপনের বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়।

তবে সেখানে ‘কেন্দ্রীয় মন্দির ইসলামী বিশ্ববিদ্যালয়’ ব্যানার লাগিয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই স্থায়ী মন্দির স্থাপন করার চেষ্টা করেন ‘ইবি পূজা উদযাপন পরিষদ’। সেখানে ইটের গাঁথুনি দিয়ে স্থায়ী অবকাঠামো নির্মাণের কাজ শুরু হলে, শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। কয়েকজন শিক্ষার্থী সেখানে নির্মাণকাজ দেখতে গেলে সংশ্লিষ্টদের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা ও ছবি তুলতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। পরে, দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে স্থায়ী মন্দির স্থাপনের কাজ বন্ধ করে দেন।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে সনাতন ধর্মাবলম্বীদের জন্য নির্ধারিত প্রার্থনালয় রয়েছে। পাশাপাশি থানা গেট সংলগ্ন এলাকায় অস্থায়ী মন্দির করে বড় আকারে পূজা উদযাপন করা হতো। প্রধানমন্ত্রী তারেক রহমানের ইবিতে আগমন উপলক্ষে একটি কমিটির মাধ্যমে টিনের স্থাপনার ঐ অস্থায়ী মন্দিরকে সাময়িকভাবে মীর মুগ্ধ সরোবরের পাশে স্থানান্তরের সিদ্ধান্ত দেয় প্রশাসন।

এসব বিষয়ে আলোচনা ও বিভিন্ন দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সাথে সাক্ষাৎ করেন জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সদস্যরা।

এ বিষয়ে অস্থায়ী মন্দির স্থানান্তর কমিটির সদস্য-সচিব ও বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মোহা. আলিমুজ্জামান বলেন, ‘তাদের অস্থায়ীভাবে মন্দিরটি স্থাপনের কথা বলা হয়েছিল। সেখানে কোনো ধরনের পাকা অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত হয়নি। আজ আমরা জানতে পারি, সেখানে স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। পরে প্রক্টর স্যারসহ আমরা ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দিয়েছি।’

এ বিষয়ে অস্থায়ী মন্দির স্থানান্তর কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, ‘নির্দেশনা অনুযায়ী পূর্বের অবকাঠামোর আকৃতিতে নতুন বরাদ্দকৃত জায়গায় একই রকমভাবে মন্দিরটি অস্থায়ীভাবে স্থানান্তর করার কথা বলা হয়েছিল। কিন্তু তারা আমাদের নির্দেশনা না মেনে স্থায়ীরূপ দিতে যায়। আমরা তাদের জানিয়ে দিয়েছি তারা এটি করতে পারবে না। যতটুকু করেছে, তা ভেঙে ফেলার জন্য অরবিন্দকে (কমিটির সদস্য) বলে দিয়েছি। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী যেভাবে টিন দিয়ে করা হয়েছিল সেভাবেই বাস্তবায়ন করতে হবে।’



আরও পড়ুন: