ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের ক্যাম্পাস শ্যাডো ও ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) গেটের সামনে পৃথক দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সোহেল (৩৬) নামে এক প্রাইভেটকারচালক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে বিস্ফোরণের পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।
বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শ্যাডো ও এফবিএস গেটের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় সেখানে থাকা প্রাইভেটকারচালক সোহেল গুরুতর আহত হন। পরে উপস্থিত শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তবে কারা এবং কী উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আল আমিন বলেন, সন্ত্রাসীরা এফবিএসে বোমা মেরে পালিয়ে গেছে। এতে একজন গুরুতর আহত হলে উপস্থিত শিক্ষার্থীরা তাকে হাসপাতালে নিয়ে যান।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শাহবাগ থানা পুলিশসহ সংশ্লিষ্টরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছেন। কীভাবে এ ঘটনা ঘটেছে এবং এর পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মতো গুরুত্বপূর্ণ এলাকায় দিনের বেলায় ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।
স্নাতকোত্তরের শিক্ষার্থী তারেকুজ্জামান বলেন, দিনদুপুরে এফবিএস এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারলে তাদের পদত্যাগ করা উচিত।
তিনি আরও বলেন, প্রশাসনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আওয়াজ তোলা এখন অনিবার্য হয়ে পড়েছে।
শিক্ষার্থী নাফিস হাসান হিমেল বলেন, বিশ্ববিদ্যালয়ে ছোটখাটো অনুষ্ঠান হলেও গোয়েন্দা সংস্থাগুলো নজরদারি করে। অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও ডাকসু—তিনটি প্রতিষ্ঠানই শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে তিনি মনে করেন।
ডাকসুর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ডাকসু এখন ঘুমের মধ্যে আছে। পরবর্তী নির্বাচনে প্রার্থীরা বিভিন্ন পদে ইশতেহার নিয়ে এলে সেগুলোর জবাব দেয়া হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করে নাফিস হাসান হিমেল আরও বলেন, প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হলে ক্যাম্পাস বন্ধ করে দেয়া উচিত। আতঙ্কের মধ্যে জীবন কাটাতে চান না তারা।
এদিকে শিক্ষার্থীদের একাংশ এ ঘটনায় প্রশাসনের পদত্যাগের দাবিও জানিয়েছেন।
আরও পড়ুন:







