ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী একটি ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ থেকে ক্যাম্পাসগামী ‘দিগন্ত’ নামের বাসটি ঝিনাইদহের গাড়াগঞ্জ এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। তবে চালকের তাৎক্ষণিক পদক্ষেপ ও সাহসিকতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাসের শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের ভাষ্য, বাসটি চলন্ত অবস্থায় থাকায় নিক্ষিপ্ত পেট্রল বোমাটি বাসের চাকায় লেগে রাস্তায় ছিটকে পড়ে। এতে বাসে আগুন ছড়িয়ে পড়া কিংবা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে এ ঘটনায় বাসের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সজিব রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ওই সময় বাসে শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম ছিল। তিনজন ছাত্র থাকলেও অধিকাংশ যাত্রী ছিলেন নারী শিক্ষার্থী। বাসটি গাড়াগঞ্জ এলাকা পার হওয়ার পর হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহীকে বাসের সামনে-পেছনে অবস্থান করতে দেখেন তিনি।
সজিবের বর্ণনা অনুযায়ী, রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটের দিকে বাসের সামনের দিকের কয়েকজন নারী শিক্ষার্থী আগুন বলে চিৎকার করে ওঠেন। পরে বাসের নিচে ইঞ্জিনের পাশের অংশে আগুন দেখতে পান তারা। এ সময় চালক পরিস্থিতি বুঝতে পেরে বাসের গতি বাড়িয়ে দ্রুত স্থানটি অতিক্রম করেন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা। তবে ঘটনার পর অনেক নারী শিক্ষার্থী আতঙ্কে কান্নায় ভেঙে পড়েন।
ওই শিক্ষার্থীর দাবি, হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহীর একজন বাসে পেট্রল বোমাটি নিক্ষেপ করেন। তাদের একজনের পরনে সাদা শার্ট এবং অন্যজনের পরনে কালো বা মেরুন রঙের শার্ট ছিল বলে তিনি উল্লেখ করেন। তবে মোটরসাইকেলের নম্বর শনাক্ত করতে পারেননি কেউ।
এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মামুনুর রশীদ বলেন, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচিকে ঘিরে সারাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বাসে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে থাকতে পারে বলে আমরা ধারণা করছি। আমাদের পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে। পুলিশ সদস্যরা সব সময় সজাগ রয়েছেন। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিষিদ্ধ ঘোষিত ইবি ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর পক্ষ থেকে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জনের আহ্বান জানানো হয়েছে।
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা মামুনুর রশীদ ফেসবুক লেখেন, আগামীকাল ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই-বোন, বন্ধুদের কে ক্লাস/পরীক্ষা বর্জন করার আহ্বান জানাই। ঘরে থাকুন!
মেহেদী হাসান,ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আরও পড়ুন:







