সোমবার

৯ নভেম্বর, ২০২৬ ২৫ কার্তিক, ১৪৩৩

চবির সঙ্গে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের মতবিনিময়

চবি,প্রতিনিধি

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৬ ১৮:৫০

শেয়ার

চবির সঙ্গে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের মতবিনিময়
ছবি: বাংলা এডিশন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সঙ্গে শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক বিনিময় ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি প্রতিনিধিদল। বিশেষ করে ফুলব্রাইট স্কলারশিপ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেলো, ইউএস কর্নার, ডুয়েল ডিগ্রি প্রোগ্রাম ও শিক্ষার্থীদের আন্তর্জাতিক সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকানের সঙ্গে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এসব বিষয় উঠে আসে।

সাক্ষাৎকালে উপাচার্য আগত অতিথিদের স্বাগত জানান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে তাঁদের অবহিত করেন। এ সময় তিনি বলেন, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণে নেয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

মতবিনিময়কালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম সম্প্রসারণ, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, যুবসম্পৃক্ততা এবং আন্তর্জাতিক পর্যায়ে তাঁদের সম্ভাবনা বিকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ফুলব্রাইট স্কলারশিপ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেলো, ইউএস কর্নার, ডুয়েল ডিগ্রি প্রোগ্রাম ও কি-নোট স্পিকার এক্সচেঞ্জের মতো উদ্যোগ নিয়েও মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।

প্রতিনিধিদলের সদস্যরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পারস্পরিক যোগাযোগ জোরদার এবং ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

এ সময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী ও সহকারী পরিচালক ড. মো. সাইফুল আলম উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদলে ছিলেন পাবলিক এনগেজমেন্ট বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রিচার্ড ব্রুনার, ইয়ুথ এনগেজমেন্ট স্পেশালিস্ট জোনাথন গোমেজ, পাবলিক এনগেজমেন্ট কো-অর্ডিনেটর ফারোহা সোহরাওয়ার্দী এবং এলামনাই এনগেজমেন্ট কো-অর্ডিনেটর শামস বিন নাফিজ। এ ছাড়া প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক কার্যালয়ের পরিচালক ও সহযোগী অধ্যাপক সাদাত জামান খান এবং আমেরিকান কর্নার চট্টগ্রামের কো-অর্ডিনেটর আর রাফি হোসেন উপস্থিত ছিলেন।