চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (চমেবি) অধিভুক্ত তিন বেসরকারি মেডিকেল কলেজের চার শিক্ষার্থীকে এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় অনুত্তীর্ণ ঘোষণার ২৩ দিন পর উত্তীর্ণ দেখানো হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর মূল ফল এবং ১১ অক্টোবর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর ২ নভেম্বর পৃথক নোটিশে তাদের ফল পরিবর্তন করে পাস ঘোষণা করা হয়। চার শিক্ষার্থীর মধ্যে তিনজনের ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় ফল পরিবর্তনের প্রক্রিয়া, পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা এবং রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে।
উত্তীর্ণ হওয়া চার শিক্ষার্থী হলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের উদয়ন চৌধুরী অনিক ও শাফায়েত উন নবী, সাউদার্ন মেডিকেল কলেজের অনুপ কান্তি দাস এবং বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের জয় দাস কৃপা। সংশ্লিষ্ট কলেজগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, চারজনই বিভিন্নভাবে ছাত্রদলের সঙ্গে যুক্ত। উদয়ন চৌধুরী অনিক ও শাফায়েত উন নবীর কোনো পদ-পদবি না থাকলেও তারা মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে ছাত্রদল নেতা হিসেবে পরিচিত।
মূল ফল ও পুনঃনিরীক্ষণের পর পরিবর্তন
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর নভেম্বর-২০২৫ সেশনের চূড়ান্ত পেশাগত এমবিবিএস পরীক্ষা শুরু হয় গত ১৭ মে। লিখিত, অসপি, ক্লিনিক্যাল ও ভাইভা পরীক্ষা শেষে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর। এতে চার শিক্ষার্থীই সার্জারি বিষয়ে অকৃতকার্য হন।
এরপর অনুত্তীর্ণ শিক্ষার্থীরা ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ১১ অক্টোবর পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। সেখানে বিভিন্ন মেডিকেল কলেজের ৬৩ শিক্ষার্থীর ফল আগের মতো অপরিবর্তিত রাখা হয়। তবে ওই তালিকায় উদয়ন, শাফায়েত, অনুপ ও জয় দাসের নাম ছিল না। একটি সূত্রের দাবি, চার শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের আবেদনই করেননি।
এর ২৩ দিন পর ২ নভেম্বর পৃথক নোটিশে চারজনকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। ওই নোটিশে তাদের সংশোধিত ফলাফল পড়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়।
পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা নিয়েও প্রশ্ন
হঠাৎ উত্তীর্ণ হওয়া চার শিক্ষার্থীর মধ্যে শাফায়েত উন নবীর পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। পরীক্ষায় অংশ নিতে ক্লাস ও ওয়ার্ড ফাইনালে নির্ধারিত উপস্থিতির শর্ত পূরণ করতে হয়। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গাইনি অ্যান্ড অবস বিভাগের ক্লাসে শাফায়েতের উপস্থিতি ছিল ৬৯ শতাংশ এবং ওয়ার্ড ফাইনালে ৩৯ শতাংশ। অথচ ক্লাসে ৭৫ শতাংশ ও ওয়ার্ড ফাইনালে ৬০ শতাংশ উপস্থিতি থাকার পরও অন্য একজন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে দেয়া হয়নি বলে তথ্য পাওয়া গেছে।
পঞ্চম বর্ষের একাধিক শিক্ষার্থীর অভিযোগ, পরীক্ষার আগে উপস্থিতির শর্ত পূরণ না করায় ১৪ জনকে পরীক্ষায় অংশ নিতে দেয়া হয়নি। কিন্তু ফরম পূরণের শেষ সময় পার হওয়ার কয়েক দিন পর শাফায়েতের উপস্থিতির হিসাবে ভুল হয়েছে দাবি করে তাকে পরীক্ষার জন্য যোগ্য ঘোষণা করা হয়।
পুনঃনিরীক্ষণের দুই নোটিশে অসংগতি
১১ অক্টোবর প্রকাশিত পুনঃনিরীক্ষণের ফলাফলে মেডিসিন ও সার্জারি বিষয়ের অসপি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের কথা উল্লেখ ছিল। একই নোটিশে লিখিত ও অসপি খাতা পুনঃনিরীক্ষণের ফলাফলের কথাও বলা হয়। এতে পুনঃনিরীক্ষণ শেষে আবেদনকারীদের আগের ফলাফল অপরিবর্তিত থাকার কথা জানানো হয়েছিল।
অন্যদিকে, ২ নভেম্বর প্রকাশিত নোটিশে কোন বিষয়ের বা পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ভিত্তিতে চার শিক্ষার্থীর ফল পরিবর্তন করা হয়েছে, তা স্পষ্ট করা হয়নি। নোটিশে শুধু ২৩ সেপ্টেম্বর প্রকাশিত ফলাফলের সংশোধিত ফলাফল পড়ার অনুরোধ জানানো হয়। প্রয়োজনে ফল সংশোধন বা পরিমার্জনের অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলেও উল্লেখ করা হয়।
দুটি নোটিশেই উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আতিকুর রহমানের স্বাক্ষর রয়েছে। তবে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. অজয় দেবের স্বাক্ষর নেই। নোটিশে স্বাক্ষরিত লেখা রয়েছে।
শাফায়েতের কয়েকজন সহপাঠীর দাবি, সার্জারির লিখিত পরীক্ষায় তিনি ১১১ নম্বর পেয়েছিলেন, যেখানে পাস নম্বর ১২০। ১১১ থেকে কীভাবে নম্বর বেড়ে ১২০ হলো, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তারা।
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক ডা. সৈয়দ হাসানুল হক বান্না বলেন, পুনঃনিরীক্ষণে যারা পাস করেন, তাদের ফল প্রকাশ করা হয়। যাদের নম্বর অপরিবর্তিত থাকে, তাদের ফল আর প্রকাশ করা হয় না।
তবে ১১ অক্টোবর প্রকাশিত পুনঃনিরীক্ষণের ফলে অপরিবর্তিত থাকা শিক্ষার্থীদের নামও প্রকাশ করা হয়েছিল বলে জানানো হলে তিনি বলেন, তারা নিয়মিত পরীক্ষার্থী হতে পারেন। সাধারণত যাদের ফল অপরিবর্তিত থাকে, তাদের ফল প্রকাশ করা হয় না।
আর্থিক লেনদেন ও ছাত্রসংগঠনের প্রভাবের অভিযোগ
বেশ কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, আর্থিক লেনদেন ও দলীয় প্রভাব বিস্তারের মাধ্যমে চার শিক্ষার্থীর ফল পরিবর্তন করা হয়েছে। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রভাব বেড়েছে। ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের (আইডিএ) কমিটি গঠনের স্বার্থেও শিক্ষার্থীদের উত্তীর্ণ করা হয়ে থাকতে পারে বলে প্রশ্ন তুলেছেন তারা।
নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের এক শিক্ষার্থী অভিযোগ করেন, চার শিক্ষার্থীকে নতুন করে উত্তীর্ণ করার ঘটনায় কয়েক লাখ টাকার লেনদেন হয়েছে। এতে ছাত্রদল ও ড্যাবের কয়েকজন নেতা এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা জড়িত।
শাফায়েত উন নবীর এক সহপাঠীর দাবি, আইডিএর নিয়ন্ত্রণ ধরে রাখার উদ্দেশ্যে তাদের পাস করানো হয়েছে। তার ভাষ্য, ৫ আগস্টের পর ছাত্রদলে অনেকেই যুক্ত হলেও সিনিয়র শিক্ষার্থীদের সরাসরি সংগঠনে যুক্ত করা হয়নি। বরং তাদের আইডিএর নেতৃত্বের জন্য প্রস্তুত করা হয়েছে। শাফায়েতও তাদের একজন।
ওই শিক্ষার্থীর দাবি, আইডিএর কমিটি গঠন নিয়ে এরই মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। প্রায় দেড় মাস আগে কমিটি গঠনের কথা থাকলেও বিভিন্ন অজুহাতে তা আটকে রাখা হয়েছে। আগে নেতৃত্বে আসার সুযোগ না থাকলেও উত্তীর্ণ হওয়ার পর শাফায়েতের সেই সুযোগ তৈরি হয়েছে। ইতোমধ্যে একটি সেকশনে তাকে জয়ী করা হয়েছে এবং সামনে আরও তিনটি সেকশনে নির্বাচন হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া ফাইনাল প্রফ পরীক্ষা চলাকালে ছয় ছাত্রদল নেতার নম্বর টেম্পারিংয়ের অভিযোগেও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় আলোচনায় এসেছিল। ওই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও তদন্তের অগ্রগতি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষের বক্তব্য
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আতিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের অনেকে আবেদন করেছিলেন। এরপর বিধি অনুযায়ী বোর্ড গঠন করে যাচাই-বাছাই করা হয়েছে। বোর্ড যাদের উত্তীর্ণ ঘোষণা করেছে, তাদের ফল বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় শুধু বোর্ডের সিদ্ধান্ত প্রকাশ করেছে।
১১ অক্টোবর ও ২ নভেম্বরের নোটিশের বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, ১১ অক্টোবরের ফল ছিল অসপির এবং ২ নভেম্বরের ফল ছিল লিখিত পরীক্ষার।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. সুলতানা রুমা আলম বলেন, ফল প্রকাশের পর শিক্ষার্থীরা স্ক্রুটিনির আবেদন করলে তার ফল প্রকাশ করা হয়। এটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে আলাদা করে এভাবে ফল প্রকাশের কথা নয়। বিষয়টি নিশ্চিত হতে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে যোগাযোগের পরামর্শ দেন তিনি।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অসীম কুমার বড়ুয়া বলেন, কে পাস করেছে বা করেনি, সেটি বিশ্ববিদ্যালয়ের বিষয়। যোগ্যতা ছাড়া কেউ পরীক্ষায় অংশ নিতে পারে না। শাফায়েতের পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা ছিল। তাদের কলেজে যোগ্যতা ছাড়া পরীক্ষায় বসার সুযোগ নেই বলেও দাবি করেন তিনি। মার্কশিটে ক্লাসে উপস্থিতির শতাংশ উল্লেখ থাকে না বলেও জানান অধ্যক্ষ।
শাফায়েত উন নবী অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি নিয়ম মেনেই পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন এবং সেই প্রক্রিয়ায় উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতাও তার ছিল বলে দাবি করেন তিনি।
গাইনি বিভাগের মার্কশিটে উপস্থিতির হার কম থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বিরক্তি প্রকাশ করেন। প্রতিবেদকের কাছে জানতে চান, কেন তার পেছনে লেগে এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি বলেন, পাঁচ বছর ধরে পড়াশোনা করে আগের সব পেশাগত পরীক্ষায় পাস করেছেন। পঞ্চম বর্ষে এসে তাকে নিয়ে এসব প্রশ্ন তোলা হচ্ছে কেন, তা তিনি বুঝতে পারছেন না।
বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা জানান, চার শিক্ষার্থীকে পুনরায় উত্তীর্ণ করে ফল প্রকাশের বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. অজয় দেব সম্মত ছিলেন না। তবে এ বিষয়ে জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
সাউদার্ন মেডিকেল কলেজের অনুপ কান্তি দাস ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের জয় দাস কৃপার বক্তব্য পাওয়া যায়নি। মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের উদয়ন চৌধুরী অনিকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
এদিকে, অনুত্তীর্ণ শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা ৮ নভেম্বর শুরু হওয়ার কথা ছিল। চার শিক্ষার্থীর কেউ কেউ ওই পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণও করেছিলেন। এর মধ্যে তাদের ফল পরিবর্তন করে উত্তীর্ণ ঘোষণা করায় অন্য শিক্ষার্থীদের মধ্যে বিস্ময় তৈরি হয়েছে।
আরও পড়ুন:







